তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫১ মিনিট আগে, ০৪:২৪ পিএম

অনলাইন সংস্করণ

শনিবার গুলশানে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক; বসছেন নতুন ৪ সদস্যও

ফাইল ছবি

সরকারে আসার পর দলীয় সাংগঠনিক কার্যক্রমে যাতে গতিহীনতা তৈরি না হয়, সেই লক্ষ্য সামনে রেখে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি সরকার গঠনের পর দলীয় কার্যক্রম নতুন করে জোরদার করার অংশ হিসেবে এটি স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠকে সম্প্রতি স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া নতুন চার সদস্য—রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিহউল্লাহ অংশ নেবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যু নিয়ে আলোচনা হবে। বিশেষ করে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতিক ছাড়া অংশ নেওয়ার নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে মাঠপর্যায়ে একক প্রার্থীকে সমর্থনের কৌশল, আওয়ামী লীগের সাম্প্রতিক নানামুখী তৎপরতা মোকাবিলা, 'জুলাই সনদ' নিয়ে বিভ্রান্তি বা অপপ্রচারের বিরুদ্ধে দলীয় অবস্থান এবং দেশের বর্তমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এতে প্রাধান্য পাবে।

এ ছাড়া ভারতের নয়াদিল্লিতে হতে যাওয়া অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে সরকারের না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের পর সার্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও কৌশল নিয়েও নীতি নির্ধারকেরা কথা বলতে পারেন। উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের কথা থাকলেও আমন্ত্রণের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে ঢাকা ইতোমধ্যেই তা স্থগিত করেছে।

 

মন্তব্য করুন