তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:২২ পিএম

অনলাইন সংস্করণ

১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। রোববার (২৫ অক্টোবর) পর্যটকদের ভ্রমণসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সেন্টমার্টিনে ২ হাজারের পরিবর্তে সাড়ে ৩ হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পাবেন। পর্যটকদের সুবিধার্থে দ্বীপে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে সেন্টমার্টিনে রাত্রিযাপনের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে সেন্টমার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্বীপটিতে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে ১২টি নির্দেশনা জারি করেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার।

দ্বীপের বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, এসব বিধিনিষেধের কারণে গত এক বছরে সেন্টমার্টিনের পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি জীবিকার প্রয়োজনে কিছু বাসিন্দার মধ্যে গাছ কেটে ফেলা ও অবাধে মাছ ধরার মতো বিরূপ কর্মকাণ্ডও দেখা গেছে বলে তাঁরা জানান।

এ পরিস্থিতিতে দ্বীপের বাসিন্দা ও ব্যবসায়ীরা বর্তমান সরকারের কাছে দ্রুত বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিধিনিষেধের মধ্যে যেগুলো যৌক্তিক, সেগুলো বহাল রাখা হতে পারে।

 

মন্তব্য করুন