প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ
সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন এবং খুলনা বিভাগে সর্বোচ্চ ২৮৪ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮১ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ৪৮ হাজার ৪৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে। অন্যদিকে, চলতি বছরে এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ৮৫৭ জন রোগী।
মন্তব্য করুন