প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে রাজনৈতিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে আলোচনা করেছেন সফররত ফ্রান্সের তিন সিনেটর। রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে তারা দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
ঢাকার ফ্রান্স দূতাবাসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের সিনেটর গিয়োম শেভরোলিয়ে, পিয়েরে-আলাঁ রোয়ারন ও অলিভিয়ে হেনো তিন দিনের সরকারি সফরে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঢাকায় আসেন। ফ্রান্স-দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাংলাদেশ সিনেট ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য হিসেবে তারা এ সফর করছেন।
বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি ফ্রান্সের প্রথম রাজনৈতিক পর্যায়ের সফর হিসেবে উল্লেখ করা হচ্ছে। এ কারণে সফরটিকে দুই দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের রাজনৈতিক ও সংসদীয় সম্পর্ক জোরদার, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন ইস্যু এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
সফরকালে ফরাসি সিনেটররা বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে তারা আলোচনা করবেন।
তাদের কর্মসূচিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
এ ছাড়া ফরাসি সিনেটররা ফ্রান্সের উন্নয়ন সহযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। তাদের কর্মসূচিতে জাদুঘর পরিদর্শন, ঢাকায় বসবাসরত ফরাসি নাগরিকদের সঙ্গে মতবিনিময় এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ক্রিশ্চিয়ান বেক উপস্থিত ছিলেন।
তিন দিনের এ সফরের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক যোগাযোগ, সংসদীয় সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মন্তব্য করুন