প্রকাশিত: ৫ মে, ২০২৬, ১১:২২ এ এম
অনলাইন সংস্করণ
জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এই গেজেট প্রকাশিত হয়।
এর আগে সোমবার রিটার্নিং কর্মকর্তা নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। একই দিন গেজেট প্রকাশের সিদ্ধান্তও অনুমোদন করে নির্বাচন কমিশন।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা মোট ৫০টি। এর মধ্যে ৪৯ জন সদস্য গত রোববার শপথ গ্রহণ করেন। জামায়াত জোট ১৩টি আসন লাভ করলেও এতদিন ১২ জন শপথ নিয়েছিলেন। এই জোট থেকে মোট ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। জোটের এক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়। অন্যদিকে নির্ধারিত সময়ের পরে জমা দেওয়ায় নুসরাতের মনোনয়নপত্র প্রথমে নেননি রিটার্নিং কর্মকর্তা। পরে উচ্চ আদালতের নির্দেশে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হয় এবং বাছাইয়ে বৈধ বলে গণ্য হয়।
সেই ধারাবাহিকতায় নুসরাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট জারি করল ইসি। সংশ্লিষ্ট বিধি অনুযায়ী এখন তাঁর শপথ অনুষ্ঠানের আয়োজন করবে সংসদ সচিবালয়। গেজেট প্রকাশের মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের ৫০টি আসনই পূর্ণতা পেতে যাচ্ছে।
মন্তব্য করুন