প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৫৭ এ এম
অনলাইন সংস্করণ
দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আবারও কমেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়।
পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।
এর আগে ২৬ সেপ্টেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল। দুই দিন পর আবারও দাম কমায় ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম দুদফায় মোট ৩ হাজার ৮৪৯ টাকা কমেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা করা হয়েছে।
২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৯১ টাকা কমিয়ে ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২৩৪ টাকা কমিয়ে ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২৩৪ টাকা কমিয়ে ২ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন