প্রকাশিত: ৫২ মিনিট আগে, ১০:৫০ এ এম
অনলাইন সংস্করণ
পশ্চিমবঙ্গের টিভি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন ইধিকা পাল। ছোট পর্দায় পরিচিতি পাওয়ার পর ২০২৩ সালে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের নায়িকা হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দর্শকের কাছে বড় পরিসরে পরিচিতি পান তিনি। এরপর মেহেদি হাসানের ‘বরবাদ’ সিনেমাতেও শাকিবের সঙ্গে জুটি বাঁধেন ইধিকা।
শাকিব খানের সঙ্গে পরপর দুই সিনেমায় অভিনয়ের পর ইধিকার ক্যারিয়ারে আসে নতুন গতি। এরপর দেবের সঙ্গে ‘খাদান’ ও ‘রঘু ডাকাত’ সিনেমায় কাজ করেছেন তিনি। পশ্চিমবঙ্গের আরও কয়েকজন তারকার সঙ্গেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সৃজিত মুখার্জির ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ সিনেমার শুটিং শেষ করেছেন ইধিকা। এই ছবিতে প্রথমবার যীশু সেনগুপ্তর সঙ্গে অভিনয় করেছেন তিনি।
এবার টালিউডের আরেক জনপ্রিয় তারকা জিতের নায়িকা হওয়ার খবরেও আলোচনায় এসেছেন ইধিকা। ছবিটি এসকে মুভিজের প্রযোজনায় নির্মিত হওয়ার কথা রয়েছে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বড় তারকা ও প্রযোজনা সংস্থার সঙ্গে ধারাবাহিকভাবে কাজের সুযোগ ইধিকার ক্যারিয়ারে স্থিরতা এনেছে। সম্প্রতি ‘পডকাস্ট উইথ অরিজিৎ চক্রবর্তী’ অনুষ্ঠানে নিজের অভিনয়জীবনের শুরুর দিকের অভিজ্ঞতা জানান তিনি।
ইধিকা বলেন, পরিবার থেকে অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার বিষয়ে শুরুতে সম্মতি ছিল না। তাঁর বাবা টালিউডের জুনিয়র টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। সিনেমার কাজের অনিশ্চয়তা কাছ থেকে দেখায় তিনি মেয়ের জন্য স্থায়ী চাকরিকে বেশি নিরাপদ মনে করতেন।
ইধিকার ভাষ্য অনুযায়ী, তাঁর বাবা চাইতেন তিনি নয়টা-পাঁচটার চাকরি করুন। তবে বাবার কাছে অভিনয়ে নিজেকে প্রমাণ করার জন্য এক বছর সময় চেয়েছিলেন তিনি। সেই সময়ের মধ্যে সফল হতে না পারলে অন্য পেশায় চলে যাওয়ার কথাও জানিয়েছিলেন।
ইধিকা সেই সুযোগ কাজে লাগান। টেলিভিশন থেকে বড় পর্দায় এসে একের পর এক বড় তারকার সঙ্গে কাজের সুযোগ পান তিনি।
পশ্চিমবঙ্গের বাণিজ্যিক সিনেমা সাম্প্রতিক বছরগুলোতে আগের মতো সাফল্য পাচ্ছে না বলে মনে করা হলেও ইধিকা মনে করেন, ভালোভাবে নির্মাণ করা হলে বাণিজ্যিক সিনেমার বড় দর্শক রয়েছে।
বড় পরিচালকদের সঙ্গে ভিন্নধারার সিনেমায় কাজ করতে আগ্রহী হলেও সাধারণ দর্শকের জন্য নির্মিত বাণিজ্যিক সিনেমার প্রতি তাঁর আগ্রহ বেশি বলে জানান অভিনেত্রী।
ইধিকার মতে, বড় শহরের বাইরে বাংলা সিনেমার বিপুল দর্শক রয়েছে। ঠিকভাবে সিনেমা নির্মাণ করতে পারলে সেই দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানো সম্ভব।
শাকিব খান, দেব ও যীশু সেনগুপ্তর সঙ্গে কাজের অভিজ্ঞতাও তুলে ধরেছেন ইধিকা। তাঁর মতে, বড় তারকারা নিজেদের কাজ এবং সিনেমার সাফল্য নিয়ে খুবই সিরিয়াস।
নতুন অভিনেত্রী হিসেবে তাঁদের সঙ্গে কাজ করাকে নিজের জন্য বড় শিক্ষার সুযোগ হিসেবে দেখছেন ইধিকা। তাঁর ভাষ্য, বাইরে থেকে বড় তারকাদের কাজের প্রতি এই নিষ্ঠা বোঝা সম্ভব নয়; কাছ থেকে কাজ করার পর বিষয়টি উপলব্ধি করেছেন তিনি।
এদিকে মেহেদি হাসানের নতুন সিনেমায় আবারও শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে পারেন ইধিকা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
মন্তব্য করুন