প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ
বেলুচিস্তানে তিন দিনের সন্ত্রাসবিরোধী অভিযানে ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। তাদের দাবি, নিহতরা ভারত ও আফগানিস্তানের ‘মদতপুষ্ট’ এবং অভিযানে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানের এই বক্তব্যের বিষয়ে ভারত ও আফগানিস্তানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে আফগানিস্তান জানিয়েছে, নুরিস্তানে পাকিস্তান থেকে প্রবেশ করা কথিত দায়েশ সদস্যদের বিরুদ্ধে অভিযানে ২৮ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।
আফগানিস্তানের এই বক্তব্যকে সম্পূর্ণ অস্বীকার করেছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, আফগানিস্তানের অভ্যন্তরীণ সংঘাতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা সংস্থার জড়িত থাকার দাবি ভিত্তিহীন।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে টিটিপি ইস্যুতে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি দেশটিতে হামলা চালাচ্ছে। কাবুল এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এরই মধ্যে পাকিস্তান আফগানিস্তানের ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে। এসব হামলাকে ইসলামাবাদ ‘পরিকল্পিত, নির্ভুল, পরিমিত ও আনুপাতিক’ বলে বর্ণনা করেছে।
পাকিস্তান আফগান তালেবানকে বৈরী তৎপরতা বন্ধ এবং আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন