দিনে ৫ ঘণ্টা স্ক্রিনের সামনে ঢাকার শিশুরা, চোখের সমস্যা ও মাথাব্যথায় ভুগছে ৮০ শতাংশ

প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০৫:২১ পিএম

অনলাইন সংস্করণ

দিনে ৫ ঘণ্টা স্ক্রিনের সামনে ঢাকার শিশুরা, চোখের সমস্যা ও মাথাব্যথায় ভুগছে ৮০ শতাংশ

রাজধানী ঢাকার স্কুলগামী শিশুরা প্রতিদিন গড়ে প্রায় পাঁচ ঘণ্টা মোবাইল, টেলিভিশন, ট্যাব বা কম্পিউটারের পর্দায় তাকিয়ে কাটাচ্ছে। আইসিডিডিআর,বির এক নতুন গবেষণায় এই উদ্বেগজনক চিত্র ধরা পড়েছে। প্রতিদিনের এই দীর্ঘ স্ক্রিন নির্ভরতা শিশুদের ঘুম, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

গবেষণার ফলাফলে দেখা গেছে, অংশগ্রহণকারী ৪২০ জন শিশুর মধ্যে ৮৩ শতাংশই বিনোদনের জন্য আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে বেশি সময় স্ক্রিনের সামনে ব্যয় করছে। এর সরাসরি কুফল হিসেবে প্রতি তিনজনে একজন চোখের সমস্যায় ভুগছে এবং প্রায় ৮০ শতাংশ শিশু নিয়মিত মাথাব্যথার অভিযোগ করছে। একইসঙ্গে প্রয়োজনের তুলনায় প্রতিদিন গড়ে ১ থেকে ৩ ঘণ্টা কম ঘুমাচ্ছে এসব শিশু। মানসিক স্বাস্থ্যের চিত্রটিও আশঙ্কাজনক: প্রতি পাঁচজন শিশুর মধ্যে দুইজন এক বা একাধিক মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে।

২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ঢাকার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের ওপর এই গবেষণা পরিচালিত হয়। সম্প্রতি ‘জার্নাল অব মেডিকেল ইন্টারনেট রিসার্চ (জেএমআইআর) হিউম্যান ফ্যাক্টরস’-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে।

গবেষণার প্রধান গবেষক ও আইসিডিডিআর,বির অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ডা. শাহরিয়া হাফিজ কাকন অভিভাবকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, ‘শিশুদের দেরিতে ঘুমানো, মাথাব্যথা, চোখের অস্বস্তি, অস্বাভাবিক খিটখিটে মেজাজ বা নিজেকে গুটিয়ে নেওয়া, মনোযোগ কমে যাওয়া বা বাইরের খেলাধুলায় অনীহার মতো লক্ষণগুলোকে গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। কারণ এগুলো অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ইঙ্গিত হতে পারে পারে, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে।’

মন্তব্য করুন