প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ
দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশের তরুণ গতিতারকা নাহিদ রানা। পুরুষ বিভাগে ভারতের জাতিন্দর সিং ও অজয় কুমারকে পেছনে ফেলে এই সম্মাননা অর্জন করেন তিনি। অন্যদিকে নারী বিভাগে মাসের সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট।
গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ। পুরো সিরিজে বল হাতে আগুন ঝরিয়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’-এর পুরস্কারও ওঠে নাহিদ রানার হাতে। তিন ম্যাচে মাত্র ৪.৪৬ ইকোনমিতে তিনি মোট ৮টি উইকেট শিকার করেন। মিরপুরের দ্বিতীয় ম্যাচে ৩২ রানে ৫ উইকেট নিয়ে দলকে সিরিজে ঘুরে দাঁড়ানোর পথ দেখান এই ডানহাতি পেসার। চট্টগ্রামের শেষ ম্যাচেও তিনি নেন আরও দুটি উইকেট। সমর্থকদের ভোট ও বিশেষজ্ঞ প্যানেলের মূল্যায়নে তার এই পারফরম্যান্সই মাসের সেরার মুকুট এনে দেয়।
পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাহিদ বলেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়াটা দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন সাফল্য সিরিজটিকে আমার জন্য আরও বিশেষ করে তুলেছে। এটি এমন একটি সিরিজ, যা সবসময় মনে রাখব।’ সতীর্থদের ভূমিকা স্মরণ করে তিনি আরও বলেন, ‘পুরো সময়জুড়ে সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের হয়ে আরও জয় ও স্মরণীয় মুহূর্ত এনে দিতে অবদান রাখতে চাই।’
মন্তব্য করুন