তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৯ মে, ২০২৬, ০২:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

তৃণমূল নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় তারেক রহমান

ইশতেহার বাস্তবায়নই এখন 'নতুন যুদ্ধ'

ছবি: সংগৃহীত

নির্বাচনী বিজয়ের পর এবার বাস্তবায়নের লড়াই, তৃণমূল নেতাদের একজোট করতে এমন এক বার্তা দিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সারাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে এক সাংগঠনিক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই তার প্রথম বড় সাংগঠনিক বৈঠক।

তারেক রহমান বলেন, দেশের ৫২ শতাংশ মানুষ বিএনপির ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। ফলে এটি এখন আর কেবল কোনো দলের ইশতেহার নয়, বরং দেশের সাধারণ মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। সেই ইশতেহার বাস্তবায়নকে তিনি আখ্যায়িত করলেন 'নতুন যুদ্ধ' হিসেবে। নেতাকর্মীদের উদ্দেশে তার আহ্বান ছিল স্পষ্ট  'ইশতেহার বাস্তবায়নের এই যুদ্ধে আপনাদের শামিল হতে হবে।'

বৈঠকে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কাঠামো মজবুত করার ওপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বৈরাচারী আমলে ভিন্নমত দমনে যে নির্যাতন-নিপীড়নের সংস্কৃতি গড়ে উঠেছিল, বর্তমান সরকার তা থেকে বেরিয়ে আসতে চায়। দেশের নারী, পুরুষ ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেন, জনগণের চাহিদা ও ন্যায্যতা প্রতিষ্ঠা করাই এই সরকারের মূল উদ্দেশ্য। গণতান্ত্রিকভাবে গঠিত এই সরকারকে সাংগঠনিকভাবে বিএনপি কীভাবে সহায়তা করবে, সেই লক্ষ্যেই আজকের এই সভা। এর মাধ্যমে কেন্দ্র ও তৃণমূলের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা হচ্ছে।

যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেন, 'সরকার, রাষ্ট্র এবং দলের মধ্যে সমন্বয় রেখে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট দিকনির্দেশনা পেয়েছি। আমরা সেই অনুযায়ী সামনে এগিয়ে যাবো।'

বেলা ১২টার পর প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তৃণমূলের নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সারাদেশ থেকে আসা সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সভায় নিজেদের মতামতও তুলে ধরেন।

মন্তব্য করুন