তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০২:২৬ পিএম

অনলাইন সংস্করণ

আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে মমতা

আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে মমতা। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আইনজীবীর ভূমিকায় আবির্ভূত হলেন। বৃহস্পতিবার (১৪মে)  সকালে কালো শামলা পরে কলকাতা হাইকোর্ট চত্বরে হাজির হন তৃণমূলনেত্রী। ভোট-পরবর্তী অশান্তির একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে সওয়াল করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এই খবর জানিয়েছে।

বেলা ১১টার কিছু আগে হঠাৎ হাইকোর্ট চত্বরে পৌঁছালে সমর্থকদের ভিড় জমে যায় তাকে ঘিরে।

এজলাসে মমতা বলেন, "প্রথম বার কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। ১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। তার পর থেকে সদস্যপদ রিনিউ করেছি। ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না। বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এসব অভিযোগ আসছে। ঘর, বাড়ি লুট করছে, আগুন জ্বালাচ্ছে। পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলো অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব। রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনো বুলডোজার রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ, প্লিজ রাজ্যবাসীকে বাঁচান।"

এদিকে হাইকোর্ট চত্বরের বাইরে মমতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। ক্যাপশনে লেখা হয়েছে, সত্য, ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধের জন্য লড়াই তিনি কখনো থামান না এবং দরকারের সময়ে পশ্চিমবঙ্গের মানুষকে একা ছেড়ে দেন না।

নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মমতা। এবার নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে হাইকোর্টে আইনজীবীর ভূমিকায় তার এই উপস্থিতি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন