প্রকাশিত: ১১ মে, ২০২৬, ১১:১৯ এ এম
অনলাইন সংস্করণ
প্রথম সন্তানের মা হওয়ার পর মাতৃত্ব-পরবর্তী মানসিক সংগ্রামের কথা খোলামেলা জানালেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানী। গত বছরের জুলাইয়ে কন্যাসন্তানের জন্ম দেওয়া এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, মাতৃত্বের এই নতুন অধ্যায় তাঁর জীবনে কী মানসিক চ্যালেঞ্জ নিয়ে এসেছে।
নিজের অভিজ্ঞতা ভাগ করে কিয়ারা বলেন, ‘মাতৃত্ব একজন নারীর পরিচয়কে সম্পূর্ণ বদলে দেয়। একেবারে নতুন এক পৃথিবীতে প্রবেশ। সেই সময়ে নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া খুব কঠিন হয়ে পড়ে। অথচ তখন নিজেকে সময় দেওয়াও খুব জরুরি। আমার ক্ষেত্রে ছয় মাস সময় লেগেছে নিজেকে বোঝাতে যে, নিজের প্রতি একটু নরম হওয়া দরকার।’
এই অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাক্ষাৎকারে আবেগ ধরে রাখতে পারেননি কিয়ারা। তাঁর চোখ ভিজে ওঠে। তিনি আরও বলেন, ‘আমার ৩৪ বছরের জীবনে, আমি এখন এসে শিখছি কিভাবে কোন সম্পর্কে সীমা টানতে হয়। নিজের প্রতি যে অতিরিক্ত কঠোর হওয়া উচিত নয়, সেটা এখন বুঝছি।’
সন্তান জন্মের পর নিজের সঙ্গে নিজের সম্পর্কের এই পুনর্নির্মাণ প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘অনেক সময়ে আমরা নিজেদের প্রতিটি কাজ নিয়ে অযথা সমালোচনা করি। আমি এখন ভয় না পেয়ে এগিয়ে চলতে শিখেছি। গত ছ’মাসে নিজেকেই এসব শেখাতে হয়েছে।’
প্রসঙ্গত, মা হওয়ার পর কিয়ারার প্রথম ছবি ‘টক্সিক : আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’-এ তাঁকে দক্ষিণী তারকা যশের বিপরীতে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করছেন তারা সুতারিয়া, হুমা কুরেশী ও নয়নতারা।
মন্তব্য করুন