বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৭:১৭ পিএম

অনলাইন সংস্করণ

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

কলকাতায় রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া অথবা ভিড়ের মধ্যে মিশে গিয়ে ঠাকুর দেখা— বিনোদন জগতের তারকাদের কাছে এসব স্বপ্নের মতো ব্যাপার। আপনি চাইলেও রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে মজা করতে পারেন না। কিন্তু টালি তারকাদের মধ্যে এমন একজন আছেন যিনি অবলীলায় কলকাতার রাস্তায় বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন। তিনি হলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।

চলতি বছর দুর্গাপূজা অভিনেত্রীর কাছে ভীষণ স্পেশাল। কারণ বিয়ের পর এটি প্রথম পূজা হতে চলেছে তার। তবে স্বামীর সঙ্গে প্যান্ডেল হপিংয়ের থেকেও বেশি তিনি মজা পান বন্ধুদের সঙ্গে রাস্তায় বেরিয়ে ঠাকুর দেখতে। কিন্তু যেহেতু তিনি একজন তারকা, তাই খুব স্বাভাবিকভাবেই তাকে সাধারণ মানুষের চিনে ফেলাটা খুব সহজ। তাই কলকাতার রাস্তায় ভিড়ে নিজেকে যেভাবে লুকিয়ে রাখতে হয়, সেটির একটি সহজ পন্থা শিখিয়ে দিলেন মধুমিতা সরকার। 

সম্প্রতি দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকার অভিনেত্রী বলেন, ‘আমি ভিড়ের মধ্যে খুব সহজে মিশে যেতে পারি। আমি মানুষের চোখের দিকে তাকাই না। একদম মাটির দিকে তাকিয়ে এগিয়ে যাই। ঠাকুর দেখেই আবার চট করে বেরিয়ে যাই। পূজার সময় সবাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, তাই চট করে কেউ নজর দেয় না।’

মধুমিতা সরকার বলেন, ‘অনেক সময় এমন হয়েছে— একটি জায়গায় গাড়ি রেখে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা বেরিয়ে গেছি। আবার বাসে করে ফিরেছি যেখানে গাড়ি রাখা আছে। বন্ধুরা প্রথমে কিছু বলে না; কিন্তু ঠিক যখন বাস থেকে নামতে যাব, তখন ওদের মধ্যে কেউ একজন বলে দেয়— ওটা পাখি না! বাসের অন্য যাত্রীরা কিছু বোঝার আগেই বন্ধুরা আমার হাত ধরে নামিয়ে নিয়ে চলে যায়। এগুলো না হলে আর পূজার আনন্দ কি!’

মন্তব্য করুন