তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

ব্যবসায়িক কার্যক্রম জোরদারে চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা

চট্টগ্রাম সার্কেলের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের হোটেল সেন্টমার্টিনের কাকলী হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম সার্কেলের অঞ্চলপ্রধান, করপোরেট শাখার প্রধান, শাখা ব্যবস্থাপক ও আইবিইউ ব্যবস্থাপকরা অংশ নেন।

সভায় সরকারি ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স ও রি-ফাইন্যান্স কর্মসূচির আওতায় ঋণ অনুমোদন ও বিতরণের অগ্রগতি, ১:১:২ হারে CMSME ঋণ অনুমোদন ও বিতরণ, কৃষিঋণ বিতরণ, শ্রেণিকৃত ঋণ আদায়, বিশেষ পুনর্গঠন ও পুনঃতফসিল কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ECL, Bangla QR এবং ক্যাশলেস লেনদেনসহ ব্যাংকের অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমও পর্যালোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম। তিনি বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রতিটি শাখাকে প্রতি মাসে অন্তত দুটি CMSME ঋণ বিতরণের নির্দেশনা দেন।

ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে Bangla QR-এর ব্যবহার ও সম্প্রসারণে জোর দেওয়ার পাশাপাশি কোনো খরচ বা কম খরচের আমানত (No Cost & Low Cost Deposit) সংগ্রহ বাড়ানোর নির্দেশনা দেন মহাব্যবস্থাপক।

এ ছাড়া খেলাপি ও অবলোপনকৃত ঋণ আদায়, ব্যাংকিং কার্যক্রমে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জালিয়াতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সার্কেলের উপমহাব্যবস্থাপক এ বি এম সাইফুদ্দীন খান চৌধুরী। চট্টগ্রাম সার্কেলের আওতাধীন ৭৮টি শাখার শাখাপ্রধান, অঞ্চলপ্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে মহাব্যবস্থাপকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের কার্যক্রম পরিচালনার বিষয়ে সংশ্লিষ্টরা অঙ্গীকার ব্যক্ত করেন।

 

মন্তব্য করুন