প্রকাশিত: ৫৫ মিনিট আগে, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
টলিউডের অভিনেত্রী অনিন্দিতা বসু নিজের ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও ভবিষ্যৎ বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন। একাধিক সম্পর্কের ভাঙনের অভিজ্ঞতা থাকলেও বিয়ের প্রতিষ্ঠান নিয়ে তাঁর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। বরং ভবিষ্যতে আবার বিয়ে করতে চান বলেও জানান অভিনেত্রী। সম্প্রতি আনন্দবাজার-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
২০১৩ সালে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় অনিন্দিতার। উত্তমকুমারের পরিবারের পুত্রবধূ হওয়ার বিষয়টি নিয়ে তাঁর ওপর কোনো বিশেষ চাপ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে অনিন্দিতা বলেন, তিনি বিষয়টিকে কখনো আলাদাভাবে দেখেননি। তাঁর কাছে বিয়ে ছিল মূলত নিজের সঙ্গীর সঙ্গে জীবনযাপন করা। গৌরবের সঙ্গে এখনও তাঁর বন্ধুত্ব রয়েছে বলেও জানান তিনি।
ব্যক্তিগত জীবনের কঠিন সময় কীভাবে সামলেছেন, সে প্রসঙ্গে অনিন্দিতা জানান, থেরাপি তাঁকে অনেক সাহায্য করেছে। তাঁর কাছে থেরাপি কোনো ট্যাবু নয়। বিভিন্ন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা, সমস্যা মোকাবিলা করা এবং নিজেকে শক্ত করে এগিয়ে যেতে থেরাপির ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। বর্তমানে নিজেও আর্ট থেরাপি শিখছেন, যাতে ভবিষ্যতে অন্যদের সাহায্য করতে পারেন বলে জানান অভিনেত্রী।
সম্পর্কের ভাঙন থেকে পাওয়া শিক্ষা নিয়েও কথা বলেন অনিন্দিতা। তাঁর মতে, কোনো সম্পর্ক ভেঙে গেলে অনেক সময় মানুষ শুধু অপর পক্ষকেই দোষ দেয়। কিন্তু একটি সম্পর্কে দুই পক্ষের ভূমিকা থাকে। বয়স ও অভিজ্ঞতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরিণতিও এসেছে বলে জানান তিনি।
প্রাক্তন সঙ্গীদের সঙ্গে এখনো যোগাযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে অনিন্দিতা জানান, কোথাও দেখা হলে তাঁরা পরস্পরকে হ্যালো-হাই বলেন এবং কেমন আছেন তা জানতে চান। তাঁর প্রাক্তন সঙ্গীরা এখন নিজেদের জীবন নিয়ে ব্যস্ত এবং বিবাহিত বলে জানান তিনি।
দাম্পত্যজীবনে অতীতের অভিজ্ঞতা সুখকর না হলেও বিয়ের প্রতি তাঁর বিশ্বাস কমেনি। অনিন্দিতার ভাষ্য, বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেও যদি সমস্যা থেকে যায়, তাহলে শুধু সম্পর্কের কারণে একসঙ্গে থাকার প্রয়োজন নেই। তাঁর কাছে বিয়ে একটি বড় দায়িত্ব এবং ভবিষ্যতে নিজের জন্যই বিয়ে করতে চান তিনি।
অনিন্দিতার ব্যক্তিগত জীবনে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর বিচ্ছেদ হয়। পরে ২০১৫ সালে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়; সেই সম্পর্কও পরে ভেঙে যায়। এরপর অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সম্পর্কে ছিলেন অনিন্দিতা। তাঁদের একসময় লিভ-ইন সম্পর্কও ছিল।
তবে অতীতের এসব অভিজ্ঞতা নিয়ে এখন কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন অনিন্দিতা। তাঁর মতে, জীবনের কঠিন পরিস্থিতি মানুষকে নানা শিক্ষা দেয় এবং ভবিষ্যতের পরিস্থিতি সামলানোর ক্ষমতাও তৈরি করে।
মন্তব্য করুন