প্রকাশিত: ৩৯ মিনিট আগে, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
চলতি বছরের আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা সুপারস্টার রজনীকান্তের ‘জেলার ২’। ছবিটির নির্মাতারা কয়েক দিন ধরে বিভিন্ন চরিত্রের টিজার প্রকাশ করছেন। এরই ধারাবাহিকতায় রোববার (২০ সেপ্টেম্বর) প্রকাশ্যে এসেছে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের প্রথম লুক।
ছবিতে বিদ্যা বালানকে ‘কান্তা’ নামের একটি চরিত্রে দেখা যাবে। এর মাধ্যমে প্রথমবারের মতো ৭৫ বছর বয়সী রজনীকান্তের সঙ্গে একই সিনেমায় অভিনয় করছেন এই বলিউড অভিনেত্রী।
প্রকাশিত ভিডিওতে নীল শাড়ি ও কালো ব্লাউজে আত্মবিশ্বাসী ভঙ্গিতে সিঁড়ি দিয়ে হেঁটে একটি ঘরে প্রবেশ করতে দেখা যায় বিদ্যাকে। মুখে সিগারেট এবং চোখেমুখে গম্ভীর ও রহস্যময় অভিব্যক্তি—প্রথম ঝলকেই চরিত্রটির উপস্থিতি আলাদা করে নজর কেড়েছে।
নির্মাতারা এখনো সিনেমার গল্প বা বিদ্যার চরিত্র নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি। তবে প্রকাশিত তথ্য অনুযায়ী, ছবিতে তাঁকে ‘কান্তা’ চরিত্রে দেখা যাবে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে অভিনয় করছেন। তবে বিষয়টি নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
‘জেলার ২’-এ মিঠুন চক্রবর্তী মূল খলনায়কের ভূমিকায় রজনীকান্তের মুখোমুখি হবেন বলে জানা গেছে।
বিদ্যার প্রথম লুক প্রকাশের টিজারে অনিরুদ্ধ রবিচন্দরের ব্যাকগ্রাউন্ড মিউজিকও রয়েছে। ফলে চরিত্রটির রহস্যময় উপস্থাপনার সঙ্গে সংগীতও আলাদা আবহ তৈরি করেছে।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমাটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল। এবার সেই সিনেমার সিক্যুয়েল ‘জেলার ২’-এ রজনীকান্তের সঙ্গে অভিনয় করছেন রাম্যা কৃষ্ণন, যোগী বাবু, এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী ও সুরজ ভেঞ্জারমুডুর মতো তারকারা।
নেলসন দিলীপকুমারের পরিচালনায় সিনেমাটিতে মোহনলাল, শিবা রাজকুমার, জ্যাকি শ্রফ, বিজয় সেতুপতি ও হৃতিক রোশনের মতো তারকাদের ক্যামিও বা বিশেষ চরিত্রে দেখা যেতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‘জেলার ২’ চলতি বছরের ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
মন্তব্য করুন