প্রকাশিত: ৪৮ মিনিট আগে, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর এবার নগর পরিবহনে ও দূরপাল্লার বাস ভাড়াও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উভয় ধরনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা করে বাড়বে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক জরুরি নীতি-নির্ধারণী বৈঠকে ভাড়া বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করেছিল। তবে মন্ত্রণালয়ের বৈঠকে সেই প্রস্তাবে পরিবর্তন এনে দূরপাল্লা ও নগর, দুই ধরনের বাসেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ২ টাকা ৪২ পয়সা। অন্যদিকে, ৫২ আসনের দূরপাল্লার বাসে নির্ধারিত ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা। তবে বিভিন্ন রুটে আসন সংখ্যা কমিয়ে যাত্রীপ্রতি বেশি ভাড়া আদায় এবং সেতু ও সড়কের টোলের অর্থ অতিরিক্ত হিসেবে নেওয়ার অভিযোগ রয়েছে।
নতুন ভাড়া কার্যকর হওয়ার পর প্রতিটি রুটের জন্য পৃথক ভাড়ার তালিকা প্রকাশ করবে বিআরটিএ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সংকট এবং ফ্রেইট চার্জ বৃদ্ধির কারণে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান করেছে। এই লোকসান সামাল দিতে সোমবার নতুন করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়।
নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে।
তবে দেশের বাজারে জ্বালানির দাম বাড়ানোর দিনই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে পতন দেখা গিয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইনে ক্ষতির খবর এলেও অঞ্চলটি থেকে প্রত্যাশার চেয়ে বেশি তেল সরবরাহ অব্যাহত থাকায় বিশ্ববাজারে দাম কমেছে।
ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৮৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৬ ডলারে দাঁড়িয়েছে।
আর্থিক সেবা প্রতিষ্ঠান জেপি মরগানের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যে গত ১০ দিনে অঞ্চলটি থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ৭১ লাখ ব্যারেল তেল বাজারে সরবরাহ করা সম্ভব হয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়নি।
তবে মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক নৌপথে তেল সরবরাহ আবারও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বাজার বিশ্লেষক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবের অভ্যন্তরীণ জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত বিশ্ববাজারে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।
মন্তব্য করুন