বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৪২ মিনিট আগে, ০৪:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

মাতৃত্বের পর বদলে গেছে সৌন্দর্য নিয়ে ভাবনা, যা বললেন ক্যাটরিনা

মা হওয়ার পর নিজের চেহারা ও ত্বকে আসা পরিবর্তন নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অভিজ্ঞতা ও সৌন্দর্যচর্চা নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মাতৃত্বের পর তাঁর ত্বক আগের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে পড়েছে বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্বকালীন ত্বকের যত্ন, নিজের পরিচর্যা এবং সৌন্দর্য সম্পর্কে বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

মাতৃত্ব কীভাবে তাঁর ত্বক ও শরীরের যত্ন নেওয়ার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে—এমন প্রশ্নের জবাবে ক্যাটরিনা জানান, গর্ভাবস্থার পর তাঁর ত্বক আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়েছে। ফলে কোন প্রসাধনী তাঁর ত্বকের জন্য উপযোগী, তা বেছে নেওয়া কঠিন হয়ে উঠেছিল।

প্রসাধনী ব্র্যান্ড ‘কে বিউটি’-এর সহ-প্রতিষ্ঠাতা ক্যাটরিনা জানান, এ সময় তিনি এমন পণ্য খুঁজতেন, যা ত্বককে প্রশমিত ও পুনরুজ্জীবিত করতে সহায়তা করে। ব্র্যান্ডটির একটি ক্রিমের চূড়ান্ত পরীক্ষার সময় সেটি ব্যবহারের পর তাঁর ত্বক অনেক বেশি শান্ত ও সতেজ অনুভূত হয়েছিল বলেও জানান তিনি।

ত্বকের প্রথম প্রতিরক্ষা স্তর বা ‘স্কিন ব্যারিয়ার’ সুস্থ রাখার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন ক্যাটরিনা।

মডেলিং ও অভিনয়ে আসার পর সৌন্দর্য সম্পর্কে তাঁর ধারণা কীভাবে বদলেছে, সে বিষয়েও কথা বলেন এই অভিনেত্রী।

ক্যারিয়ারের শুরুর দিকে সৌন্দর্যের প্রচলিত মাপকাঠি ও নানা ধারণার কথা উল্লেখ করে ক্যাটরিনা বলেন, এখন তাঁর কাছে সেরা লুক পাওয়ার অর্থ হলো ভেতর থেকে সুস্থ ও ভালো বোধ করা।

সামগ্রিক সুস্থতার জন্য সুষম খাবার খাওয়া, সক্রিয় থাকা এবং নিয়মিত ধ্যান করার মতো অভ্যাসের কথাও জানান তিনি। সকালে এক ঘণ্টা ফোন থেকে দূরে থাকা এবং দিনের শুরুতে প্রাকৃতিক আলোয় সময় কাটানোর অভ্যাসের কথাও উল্লেখ করেন ক্যাটরিনা।

তাঁর মতে, মানুষ যখন ভেতর থেকে সুস্থ বোধ করেন, তখন সেই আত্মবিশ্বাসও বাইরে প্রকাশ পায়।

২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ। তারকা দম্পতি ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালে রাখতে পছন্দ করলেও মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের জীবনের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

সম্প্রতি প্রথম সন্তানের মা হওয়ার পর নিজের শারীরিক পরিবর্তন নিয়ে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন ক্যাটরিনা। সেই প্রেক্ষাপটে নিজের যত্ন ও সৌন্দর্য নিয়ে তাঁর বক্তব্যে বাহ্যিক পরিবর্তনের চেয়ে সুস্থতা ও আত্মবিশ্বাসের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে এসেছে।

মন্তব্য করুন