প্রকাশিত: ৪৭ মিনিট আগে, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ দেখতে পাওয়া যায়।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধারের আগে ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে বলেও তিনি জানান।
মরিয়মের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
এর আগে জুলাইয়ে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। পরে গাজী নজরুল ইসলাম ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন।
এরপর ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ার কথা জানিয়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্তের কথাও জানায় দলটি।
মরিয়মের মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যেতে পারে।
মন্তব্য করুন