প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৫৭ এ এম
অনলাইন সংস্করণ
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন।
চিফ প্রসিকিউটর স্বাক্ষরিত চিঠিতে ইন্টারপোলের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি জানাতে এবং প্রয়োজনে ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে অবহিত করার কথাও উল্লেখ করা হয়েছে। চিঠিটি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)-এর অতিরিক্ত মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আজিজ আহমেদের বিরুদ্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সে সময় তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক ছিলেন।
চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় প্রথমবারের মতো কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আজিজ আহমেদ বর্তমানে মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ব্যাপারে আশাবাদী প্রসিকিউশন।
এ ছাড়া মামলার অন্যান্য পলাতক আসামিদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে একই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং আটক আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।
মন্তব্য করুন