প্রকাশিত: ১৬ আগষ্ট, ২০২৬, ১১:৪৩ এ এম
অনলাইন সংস্করণ
২০২৬ সালের প্রথমার্ধে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য পতন ঘটেছে। আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি ১৬ দশমিক ৪৩ শতাংশ কমে ৮ দশমিক ৬৪ বিলিয়ন ইউরোতে নেমে এসেছে। ইইউর সামগ্রিক পোশাক আমদানির বাজার সংকুচিত হওয়ার প্রেক্ষাপটে এই পতন ঘটেছে।
ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল জানান, জানুয়ারি-জুন সময়ে রপ্তানির পরিমাণ ৮ দশমিক ২২ শতাংশ এবং গড় রপ্তানি মূল্য ৮ দশমিক ৯৪ শতাংশ কমেছে।
তবে জুন মাসে পরিস্থিতির কিছুটা উন্নতির আভাস পাওয়া গেছে। এ সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে ১ দশমিক ৩৭ বিলিয়ন ইউরোতে পৌঁছায়। রপ্তানির পরিমাণ ৬ দশমিক ৫৩ শতাংশ বৃদ্ধির ফলে গড় রপ্তানি মূল্য ৫ দশমিক ৩১ শতাংশ কমার প্রভাব আংশিকভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
সামগ্রিকভাবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে বিশ্বব্যাপী ইইউ ৪১ দশমিক ১০ বিলিয়ন ইউরোর পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৭০ শতাংশ কম। এ সময়ে ভোক্তা চাহিদা দুর্বল থাকা এবং দাম কমে যাওয়ায় আমদানি কমেছে। আমদানির পরিমাণ কমেছে ৬ দশমিক ৪০ শতাংশ এবং গড় ইউনিট মূল্য কমেছে ৩ দশমিক ৫৩ শতাংশ।
ইইউ বাজারে বাংলাদেশের পাশাপাশি অন্যান্য প্রধান রপ্তানিকারক দেশগুলোর অবস্থাও একই রকম চাপের মধ্যে রয়েছে। তুরস্কের রপ্তানি কমেছে ১৪ দশমিক ৬০ শতাংশ, পাকিস্তানের ১২ দশমিক ৫৩ শতাংশ, ভারতের ১২ দশমিক ৪৯ শতাংশ, শ্রীলঙ্কার ১১ দশমিক ২১ শতাংশ, চীনের ৮ দশমিক ৮৮ শতাংশ এবং কম্বোডিয়ার ৮ দশমিক ৮৪ শতাংশ।
এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে দেখা গেছে ভিয়েতনামকে। ২০২৬ সালের প্রথমার্ধে দেশটির রপ্তানি শূন্য দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। যদিও তাদের রপ্তানির পরিমাণ ১১ দশমিক ৫২ শতাংশ কমেছে, তবে গড় ইউনিট মূল্য ১৩ দশমিক ৪৩ শতাংশ বাড়ায় সামগ্রিক রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে।
এ ছাড়া ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার গড় ইউনিট মূল্য কিছুটা বাড়লেও রপ্তানির পরিমাণ কমে যাওয়ায় তারা প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি।
বিশ্লেষণে দেখা গেছে, ইইউর পোশাক আমদানির বাজার যতটা সংকুচিত হয়েছে, বাংলাদেশের রপ্তানি তার চেয়েও বেশি হারে কমেছে। ফলে রপ্তানির পরিমাণ ও গড় মূল্য—উভয় ক্ষেত্রেই বাংলাদেশের জন্য এটি একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন