তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১০ আগষ্ট, ২০২৬, ০৪:০০ পিএম

অনলাইন সংস্করণ

পাসের হার কমা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

'মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না'

সংগৃহিত ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা দিয়েছে ব্যাপক অবনতি। আগের বছরের তুলনায় সামগ্রিক পাসের হার কমেছে প্রায় ৬ শতাংশ, একই সঙ্গে কমে গেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাসের হার কমে যাওয়ার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মন্ত্রী বলেন, 'মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় নম্বর দেওয়া যায় না।' শিক্ষকরা এবার খাতা মূল্যায়নে আগের চেয়ে কঠোর অবস্থান নিয়েছেন কি না, এমন প্রশ্নের প্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেন, ইঙ্গিত দেন যে নম্বর প্রদানে উদারতা দেখানোর কোনো সুযোগ ছিল না এবার।

ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে উঠে এসেছে আরও উদ্বেগজনক চিত্র, শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে সব ধরনের বোর্ডেই। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭টিতে, যা গত বছর ছিল ৪৮টি।

তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে। ২০২৫ সালে যেখানে শূন্য পাসের প্রতিষ্ঠান ছিল মাত্র ৮৬টি, এবার তা প্রায় আড়াই গুণ বেড়ে দাঁড়িয়েছে ২২৬টিতে। একই ধরনের চিত্র দেখা গেছে কারিগরি শিক্ষা বোর্ডেও, গত বছর যেখানে একটি প্রতিষ্ঠানেও শূন্য পাসের হার ছিল না, এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৯টি।

মন্তব্য করুন