শাহরিয়ার শ্রাবণ

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ০৯:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

নোয়াখালীর প্রাচীন ঐতিহ্যবাহী জামে মসজিদ

নোয়াখালী প্রাচীন ঐতিহ্যবাহী গোপালপুর চৌধুরী বাড়ি জামে মসজিদ।

ঐতিহ্যবাহী গোপালপুর চৌধুরী বাড়ি জামে মসজিদ। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর বাজার থেকে একটু এগুলেই রাস্তার পাশে শান বাঁধানো পুকুর। পাশ দিয়ে সরু রাস্তা সামনে চলে গেছে। রাস্তার মাথায় এক পাশে প্রায় ২০০ বছর প্রাচীন ঐতিহ্যবাহী এ মসজিদ আর অপর পাশে বিখ্যাত চৌধুরী বাড়ি।

১২৩৯ হিজরি সনে মসজিদটি প্রতিষ্ঠা করা হয় বলে স্থানীয়ভাবে জানা যায়। মসজিদটিতে মোট তিনটি গম্বুজ রয়েছে। মাঝখানের গম্বুজটি সামান্য বড়। সুদৃশ্য মার্বেল পাথর দ্বারা গম্বুজগুলো সুশোভিত। মসজিদে প্রবেশের জন্য রয়েছে তিনটি ধনুকাকৃতি দরজা। ভবনের দেয়ালজুড়ে কারুকার্য খচিত। মসজিদের মূল স্তম্ভের ভিতরে তিন কাতারে মানুষ নামাজ পড়েন। এছাড়া বারান্দায়ও নামাজের সুযোগ রয়েছে।
২০০ বছর প্রাচীন ঐতিহ্যবাহী গোপালপুর চৌধুরী বাড়ি জামে মসজিদ।

মসজিদের পিছনেই চৌধুরী বাড়ির কয়েকটি প্রাচীন পরিত্যাক্ত দালান রয়েছে। আরেকটি দালানের নতুন করে সংস্কার কাজ চলমান। ভবনগুলো টালি ইটের তৈরি। প্রায় ৩০০ থেকে ৩৫০ বছরের পুরনো এসব ভবন। স্থানীয়রা জানান, চৌধুরী বাড়ির বেশিরভাগ মানুষই যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানীসহ দেশের বাইরে থাকেন। আর একটি অংশ ঢাকা বা জেলা শহরে থাকেন। বাড়িতে মাত্র চারটি পরিবার থাকেন।
প্রতিদিন চৌধুরী বাড়ি দেখতে বিভিন্ন স্থান থেকে মানুষজন ভিড় জমান। চোধুরী বাড়ির চার পাশে কয়েকটি পুকুর রয়েছে।

চৌধুরী বাড়ি যেতে হলে ঢাকা বা বিভিন্ন স্থান থেকে সরাসরি বেগমগঞ্জ চৌরাস্তা যেতে হবে। অথবা নোয়াখালী জেলা সদর মাইজদী হতে চৌরাস্তার যেকোনো লোকাল বাস সার্ভিস, সিএনজি অথবা অটোরিকশায় বাংলাবাজার আসতে হবে। সেখান থেকে সিএনজি করে গোপালপুর বাজারে এসে ২০০ গজ পশ্চিমে গেলেই এই চৌধুরী বাড়ি চোখে পড়বে।

মন্তব্য করুন