আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:১৯ এ এম

অনলাইন সংস্করণ

২২ দেশের যৌথ বিবৃতিতে ইরানকে সতর্কবার্তা,হামলা বন্ধের আহ্বান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশসহ মোট ২২টি দেশ এক যৌথ বিবৃতিতে ইরানকে তাদের ভূখণ্ডে হামলা চালানো বন্ধ করার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ওই বিবৃতিতে দেশগুলো সতর্ক করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রের সার্বভৌমত্বের পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের ভূখণ্ডে মানুষকে হত্যা, অপহরণ, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন বা যেকোনো ধরনের আক্রমণের চেষ্টা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক নিয়ম-নীতিকে ক্ষুণ্ন করে। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।’

যৌথ বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা শাখা এবং বিদেশে অভিযান পরিচালনাকারী কুদস ফোর্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়। বলা হয়, এসব সংস্থা ইরানি ভিন্নমতাবলম্বী, সাংবাদিক, ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায় এবং তাদের স্বার্থের বিরুদ্ধে ‘প্রাণঘাতী ষড়যন্ত্র ও ক্ষতিকর কর্মকাণ্ডে’ জড়িত।

দেশগুলো আরও জানায়, ইউরোপজুড়ে ইহুদি সম্প্রদায়, ইরানি ও মার্কিন সাংবাদিকদের লক্ষ্য করে যে হামলার ঘটনা ঘটছে, তার পেছনেও ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে তাদের বিশ্বাস। এ ধরনের হুমকির বিরুদ্ধে নিজেদের জনগণকে রক্ষা করতে তারা ঐক্যবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ইরান-সংশ্লিষ্ট একটি গোষ্ঠী ‘হারাকাত আশাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া’ এসব হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।

এদিকে গত বছরের আগস্টে অস্ট্রেলিয়া দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং তেহরানের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ তোলে। একই সঙ্গে ক্যানবেরা তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে এবং তেহরানে অবস্থিত অস্ট্রেলীয় দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে।

পরবর্তীতে নভেম্বরে অস্ট্রেলিয়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ হিসেবে ঘোষণা করে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে—আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন এবং যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন