বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০৪:০৪ পিএম

অনলাইন সংস্করণ

১৩ বছর পর ভারত ছাড়লেন ইরানি অভিনেত্রী মান্দানা করিমী

দীর্ঘ ১৩ বছর ধরে ভারতকে দ্বিতীয় ঘর বানিয়ে রাখার পর অবশেষে দেশটি ছাড়ার ঘোষণা দিয়েছেন ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী ও মডেল মান্দানা করিমী। মঙ্গলবার মুম্বাই বিমানবন্দর থেকে ইনস্টাগ্রামে প্রকাশিত এক আবেগঘন ভিডিওবার্তায় তিনি জানান, নতুন দেশ, নতুন জীবন ও নতুন শুরুর পথে হাঁটার সময় এসেছে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করে বিতর্কের কেন্দ্রে আসা এই অভিনেত্রীর এই সিদ্ধান্ত বলিউপাড়ায় বিস্ময় সৃষ্টি করেছে।

ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে এক ভক্তের প্রশ্নের জবাবে মান্দানা বলেন, ‘আমি কোনোদিন ভাবিনি আমাকে বলতে হবে—বিদায় ভারত।’ ভারত তার জীবনের ব্যক্তিগত ও পেশাগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি বলেও উল্লেখ করেন তিনি। এখানেই তিনি নিজের ক্যারিয়ার গড়েছেন, বন্ধুত্ব তৈরি করেছেন এবং একজন শিল্পী ও নারী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। তবে চলতি বছরের মার্চে নিরাপত্তাজনিত শঙ্কা ও প্রাণনাশের হুমকির কথা জানিয়ে আগেই ভারত ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন মান্দানা।

নিজের দেশ ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে সরব এই অভিনেত্রী দাবি করেন, মানবাধিকার ও নারীর স্বাধীনতার পক্ষে কথা বলায় প্রায় এক দশক ধরে তেহরানে তার প্রবেশ নিষিদ্ধ। এক সাক্ষাৎকারে মান্দানা বলেন, ‘ইরান আমার ঘর, কিন্তু আমার কণ্ঠস্বর ও অবস্থানের কারণে বহু বছর ধরে সেখানে প্রবেশ করতে পারছি না। তাই এই যাত্রা শুধু দেশ পরিবর্তনের নয়, বরং এমন এক ভবিষ্যতের জন্য লড়াই, যেখানে একদিন স্বাধীনভাবে নিজের দেশে ফিরতে পারব।’ ইরানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, রাস্তায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বেড়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে এবং মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাও বেড়েছে।

তবে ভারত ছাড়লেও দেশটির সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না। মান্দানার ভাষায়, ‘আমি চিরতরে বিদায় বলায় বিশ্বাস করি না। ভারত সবসময় আমার জীবনের একটি অংশ হয়ে থাকবে।’ বলিউড ইন্ডাস্ট্রি ছাড়ছেন কি না, এমন জিজ্ঞাসায় তিনি জানান, নিজেকে কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখতে চান না। চলচ্চিত্র, মডেলিং, ডিজাইন কিংবা আন্তর্জাতিক পর্যায়ের যে কোনো সৃজনশীল ও অর্থবহ কাজে ভবিষ্যতে যুক্ত হতে আগ্রহী তিনি।

উল্লেখ্য, ‘বিগ বস’-এর নবম আসরে অংশ নেওয়ার পর ভারতে রাতারাতি তারকাখ্যাতি পান মান্দানা। ‘কেয়া কুল হ্যায় হম’, ‘ভাগ জনি’ ও ‘রয়’-এর মতো ছবিতে অভিনয় করলেও গত কয়েক বছর ধরে তিনি সক্রিয় ছিলেন অ্যাক্টিভিজম ও ডিজাইনের জগতে। ১৯৮৮ সালে তেহরানে জন্ম নেওয়া এই অভিনেত্রী কঠোর প্রশাসনিক নিয়ম ও মতাদর্শগত বিরোধের জেরে ২০১৩ সালে ইরান ছাড়তে বাধ্য হন। প্রতিবাদী অবস্থানের কারণে দীর্ঘ এক দশক ধরে নিজের দেশে তার প্রবেশ নিষিদ্ধ।

মন্তব্য করুন