তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০৩:৫১ পিএম

অনলাইন সংস্করণ

২০২৭ সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন, চলবে ১৩ জুলাই পর্যন্ত

আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা আগামী ৬ জুন থেকে শুরু হয়ে চলবে ১৩ জুলাই পর্যন্ত। তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারবেন।

প্রস্তাবিত এই সময়সূচি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পূর্বঘোষিত পরিকল্পনারই প্রতিফলন। তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, ২০২৭ সালের এইচএসসি পরীক্ষা জুন মাসের মধ্যে সম্পন্ন করার ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু এবং ১০ ফেব্রুয়ারি রোজা শুরুর কয়েকদিন আগেই পরীক্ষাটা শেষ করতে চাই। আর এইচএসসি পরীক্ষা জুনের মধ্যে শেষ করতে চাই, যাতে উচ্চশিক্ষায় ভর্তি ইচ্ছুকরা ফল সেমিস্টারে ভর্তিটা ধরতে পারে।

এর আগে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি যথাযথভাবে নির্ধারণের স্বার্থে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার জন্য আয়োজিত ওই সভায় শিক্ষক-শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সেই আলোচনার ভিত্তিতেই এইচএসসি পরীক্ষার এই সম্ভাব্য সময়সীমা চূড়ান্ত করা হয়েছে। মূলত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সেমিস্টার পদ্ধতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতেই এ পরিকল্পনা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন