প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ
জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় ও তাঁর স্বামী ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের বিচ্ছেদের জল্পনা কয়েকদিন ধরেই সরগরম বলিউড মহল ও সামাজিক মাধ্যম। দুজনের পরস্পরকে আনফলো করার ঘটনাকে কেন্দ্র করে এই গুঞ্জন জোরালো হয়। অবশেষে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি না দিলেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মৌনী স্বয়ং। বুধবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়ে তিনি সংবাদমাধ্যমের প্রতি ভুয়া সংবাদ না ছড়ানোর অনুরোধ জানান।
শোনা যাচ্ছে, নতুন বছরের শুরুতেই নাকি এই তারকা দম্পতির সম্পর্কে ফাটল ধরে। গুঞ্জনের সূত্র দাবি করছে, সুরজ বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এবং মৌনীর আর্থিক ক্ষতিও করেছেন। যদিও দুবাই-প্রবাসী সফল ব্যবসায়ী সুরজের বিরুদ্ধে আর্থিক প্রতারণার এই অভিযোগ কতটা সত্য, তা নিয়ে ধোঁয়াশা রয়েইছে। পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন মৌনীর ঘনিষ্ঠ বান্ধবী ও অভিনেত্রী দিশা পাটানিও সুরজকে ইনস্টাগ্রামে আনফলো করেন।
তবে ক্রমবর্ধমান জল্পনার মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেন মৌনী। গতকাল ইনস্টা স্টোরিতে একটি পোস্টে তিনি লেখেন, ‘সব সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, দয়া করে ভুয়া খবর ছড়াবেন না। এই সময়ে আমাদের একটু একা থাকতে দিন।’ এই বার্তায় বিচ্ছেদের বিষয়টি সরাসরি নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেননি তিনি। বরং অনুরোধের ভঙ্গিতেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চোখে পড়েছে।
প্রসঙ্গত, মৌনী রায় চিরকালই নিজের ব্যক্তিগত জীবন ক্যামেরার আড়ালে রাখতে সচেষ্ট। ২০১৯ সালের নববর্ষে দুবাইতে এক পারস্পরিক পরিচিতের মাধ্যমে সুরজের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ হয়। ধীরে ধীরে তা ঘনিষ্ঠতায় রূপ নেয় এবং প্রায় দুই বছরের প্রেমের পর ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় পরিবারের সম্মতিতে বিয়ের বাঁধনে জড়ান এই দুই তারকা। সুরজ নাম্বিয়ারের সঙ্গে এই বিয়ের মাধ্যমেই ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল মৌনীর।
মন্তব্য করুন