তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০১:০৯ পিএম

অনলাইন সংস্করণ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সংগৃহীত ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে গোতামারী ইউনিয়নের এই সীমান্তের ওপারে ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম খাদিমুল ইসলাম (২৫)। তিনি হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত এলাকার আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোরে খাদিমুলসহ কয়েকজন যুবক কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের কোচবিহার জেলার শীতলকুচি ক্যাম্পের বিএসএফ টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় খাদিমুলের। তার সঙ্গে থাকা বাকিরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন। মরদেহ এখনো ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোনোয়ারুল ইসলাম জানান, তারা কী উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তবে নিহতের পরিবারের দাবি, ভোর থেকেই খাদিমুল নিখোঁজ ছিলেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, কেন এবং কীভাবে ওই যুবক সীমান্তে গিয়েছিলেন তা তদন্ত করা হচ্ছে। মরদেহ ফেরত আনতে বিএসএফের কাছে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন