প্রকাশিত: ১২ মে, ২০২৬, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ
প্রবাসী আয়ে চলতি মাসের শুরুতেই জোরালো ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। মে মাসের প্রথম ১১ দিনে মোট ১৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা দৈনিক গড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ কোটি ১১ লাখ ডলার। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে গত বছরের একই সময়ের ব্যবধানের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৪৪ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৯২ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
শুধু এক মাসের ব্যবধান নয়, সার্বিকভাবে চলতি ২০২৫-২৬ অর্থবছরেও রেমিট্যান্স আহরণে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাদের প্রতিবেদন অনুযায়ী, অর্থবছরের প্রথম ১১ মাস অর্থাৎ জুলাই থেকে ১১ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স জমা হয়েছে ৩ হাজার ৭৭ কোটি ৫০ লাখ ডলার, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৯০ শতাংশ বেশি।
সাম্প্রতিক মাসগুলোর পরিসংখ্যানের দিকে তাকালেও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী গতি লক্ষ করা যাচ্ছে। গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। এর আগে গত মার্চে রেমিট্যান্স এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা ছিল বাংলাদেশের ইতিহাসে একক কোনো মাসের সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের রেকর্ড। বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি মাসও বড় অঙ্কের রেমিট্যান্স সংগ্রহের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন