প্রকাশিত: ১২ মে, ২০২৬, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে এক বিরল বিশ্বরেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে আউট হয়ে থেমে যায় তাঁর বিশ্বরেকর্ড ছোঁয়ার দৌড়। এর আগে ক্যারিয়ারে দুবার এই কীর্তি গড়েছিলেন তিনি; আজ তৃতীয়বার পারলে ইতিহাসের চতুর্থ ব্যাটার হিসেবে নাম উঠত শান্তর।
টেস্ট ইতিহাসে দুই ইনিংসেই সেঞ্চুরি করার এই কীর্তির সূচনা ১৯০৯ সালে। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ারেন বার্ডসলে প্রথম ইনিংসে ১৩৬ ও দ্বিতীয় ইনিংসে ১৩০ রান করে এ রেকর্ডের গোড়াপত্তন করেন। শান্ত ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে ঢাকায় প্রথমবার ও গত বছর শ্রীলঙ্কার মাটিতে দ্বিতীয়বারের মতো টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য কীর্তি গড়েন। আজ তৃতীয়বার সেটি করতে পারলেই কিংবদন্তি সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের পাশে বসতেন তিনি।
পঞ্চম দিনের সকালে শান্ত যখন ক্রিজে, তখন স্পষ্ট মনে হচ্ছিল কাঙ্ক্ষিত তিন অঙ্কের কাছেই পৌঁছে যাচ্ছেন। কিন্তু বাঁধ সাধলেন পাকিস্তানি স্পিনার নোমান আলী। তাঁর এক ডেলিভারিতে উল্টো দিকে শট খেলতে গিয়ে বলের ফ্লাইট মিস করে প্যাডে লাগান শান্ত। আম্পায়ার আউট দেওয়ার পর প্রযুক্তির সহায়তা নিলেও রক্ষা পাননি বাংলাদেশ অধিনায়ক। তাতেই স্তব্ধ হয়ে যায় মিরপুরের গ্যালারি আর শেষ হয় শান্তর তৃতীয় জোড়া সেঞ্চুরির স্বপ্ন।
তবে এই ব্যর্থতায় শান্তর সামনে দরজা একেবারে বন্ধ হয়ে যায়নি। ফিট থাকলে চলতি বছর আরও পাঁচটি টেস্ট খেলবেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট এখনও বাকি; এরপর অস্ট্রেলিয়ার মাটিতে দুটি এবং দক্ষিণ আফ্রিকায় আরও দুই ম্যাচ। যে ফর্মে আছেন, এই বর্ষাতেই হয়তো তিনি গড়ে ফেলতে পারেন কাঙ্ক্ষিত বিশ্বরেকর্ড।
একাধিকবার দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তিধারী
তিনবার সুনীল গাভাস্কার (ভারত), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
দুইবার হার্বার্ট সাটক্লিফ (ইংল্যান্ড), জর্জ হেডলি (ওয়েস্ট ইন্ডিজ), ক্লাইড ওয়ালকট (ওয়েস্ট ইন্ডিজ), গ্রেগ চ্যাপেল (অস্ট্রেলিয়া), অ্যালান বর্ডার (অস্ট্রেলিয়া), অরবিন্দ দে সিলভা (শ্রীলঙ্কা), রাহুল দ্রাবিড় (ভারত), ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে), নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ)
মন্তব্য করুন