বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৪:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনীতে প্রথম নারী কে-পপ তারকা লিসা

ছবি: সংগৃহীত

আগামী মাসে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আসরে সংগীত পরিবেশন করবেন কে-পপ গায়িকা লিসা। এর মাধ্যমে প্রথম কোনো নারী কে-পপ শিল্পী হিসেবে বিশ্বকাপের মঞ্চে নাম লেখানোর বিরল সম্মাননা অর্জন করতে চলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, লিসা ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)-র সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। আগামী ১২ জুন লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যকার খেলার আগে অনুষ্ঠেয় এই জমকালো আয়োজনে তিনি গান গাইবেন। একই আসরে আরও উপস্থিত থাকবেন কেটি পেরি, ফিউচার ও ডিজে সঞ্জয়।

এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরীয় ব্যান্ড বিটিএস-এর সদস্য জাংকুক একক পরিবেশনায় অংশ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় লিসার এই অংশগ্রহণ কে-পপ শিল্পীদের জন্য দ্বিতীয় সুযোগ এবং নারী শিল্পীদের জন্য ঐতিহাসিক প্রথম পদক্ষেপ। ২০২৬ সালের এই আসরটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ উদ্যোগে আয়োজিত হওয়ায় তিন দেশেই পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

লিসা ২০১৬ সালে জনপ্রিয় কে-পপ গ্রুপ ব্ল্যাকপিঙ্কের সদস্য হিসেবে সংগীতাঙ্গনে প্রবেশ করেন। পরবর্তীতে একক শিল্পী হিসেবেও তিনি বিপুল সাফল্য অর্জন করেন। ২০২১ সালে প্রকাশিত তার একক গান ‘লালিসা’ প্রথম সপ্তাহেই সাত লাখ ছত্রিশ হাজারেরও বেশি কপি বিক্রির রেকর্ড গড়ে। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত তার অ্যালবাম ‘অল্টার এগো’ প্রকাশের পরও তিনি ধারাবাহিকভাবে নতুন গান করে যাচ্ছেন। সবশেষ এক ইতালিয়ান-মার্কিন প্রযোজকের সঙ্গে তার নতুন গান ‘ব্যাড অ্যাঞ্জেল’ প্রকাশিত হয়েছে।

মন্তব্য করুন