তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৯ মে, ২০২৬, ০৩:০৭ পিএম

অনলাইন সংস্করণ

সরকারকে সহযোগিতা করব, তবে দেশের ক্ষতি হলে প্রতিরোধও গড়ব: জামায়াত আমির

জাপান সফর শেষে সংবাদ সম্মেলনে জামায়াত আমির। ছবি: সংগৃহীত

জাপান সফর শেষে দেশে ফিরে সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) সকালে বিমানবন্দরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, সরকার ভালো কাজে এগিয়ে আসলে সহযোগিতা পাবে, তবে দেশের ক্ষতি হলে বিরোধী দল চুপ থাকবে না।

তার ভাষায়, 'সরকারের কোনো ভুল হলে তাদের তা ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয় তাহলে আমরা সহযোগিতা করব। কিন্তু যদি দেশের ক্ষতি হয়, আমরা নীরবে বসে থাকব না। আমরা আওয়াজ তুলব, প্রতিবাদ করব, প্রয়োজনে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এটাই হবে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের কাজ।'

জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরে ডা. শফিকুর রহমান জানান, জাপান বাংলাদেশকে নিয়ে গভীরভাবে ভাবে। বর্তমান সংসদ বিগত সংসদের তুলনায় ব্যতিক্রম বলে জাপানিদের কাছে মনে হচ্ছে। বিরোধী দল যেমন সরকারের সমালোচনা করছে, তেমনই সহযোগিতাও করছে , এই ইতিবাচক চিত্র জাপানের আগ্রহ আরও বাড়াবে বলে মনে করেন তিনি।

সফরে বাংলাদেশের স্বাস্থ্যখাতের একটি গুরুত্বপূর্ণ সংকটও তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বিপুল, অথচ বিদ্যমান হাসপাতালগুলো পর্যাপ্ত দক্ষ নয়। ফলে সামর্থ্যবানরা বিদেশ যাচ্ছেন, বাকিরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন।

এই পরিস্থিতিতে জাপানকে বাংলাদেশে একটি ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। তার যুক্তি, শুধু হাসপাতাল হলে চিকিৎসা মেলে, কিন্তু ইনস্টিটিউট হলে উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয় এবং দক্ষ জনবল গড়ে ওঠে। জাপান বিষয়টি সক্রিয় বিবেচনায় নিয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাপান সফরের পাশাপাশি থাইল্যান্ডে চিকিৎসাধীন আহত "জুলাই যোদ্ধা"দের দেখতেও গিয়েছিলেন বিরোধীদলীয় নেতা। তিনি জানান, বর্তমানে ৬৪ জন যোদ্ধা সেখানে রয়েছেন, যাদের কেউ কেউ এক বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন। নৈতিক দায়বদ্ধতা, নাগরিক দায়িত্ব ও মানবিকতার জায়গা থেকেই তিনি তাদের দেখতে গিয়েছেন বলে জানান। সংশ্লিষ্ট চিকিৎসক ও দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন