প্রকাশিত: ৭ মে, ২০২৬, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। এর জবাবে বৃহস্পতিবার (৭ মে) সকালে নিজের ফেসবুকে 'কিছু বিভ্রান্তি ও অপপ্রচারের জবাব' শিরোনামে দীর্ঘ একটি ব্যাখ্যামূলক পোস্ট দিয়েছেন তিনি।
এর আগে বুধবার (৬ মে) সকালে মাদানী ফেসবুকে জানান, গোনাহ থেকে বাঁচতে এবং হালালের পথে থাকতেই জীবনের 'সবচেয়ে কঠিন সিদ্ধান্ত' হিসেবে দ্বিতীয় বিয়ে করেছেন তিনি। পোস্টটি ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হলে পরে তা সরিয়ে নেন।
সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে, প্রথম স্ত্রীর গর্ভাবস্থায় কেন দ্বিতীয় বিয়ে করলেন তিনি। এর জবাবে মাদানী জানান, বিয়েটি হয়েছে আইএমভি নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে, যেখানে স্বেচ্ছায় একাধিক বিয়েতে আগ্রহী নারী-পুরুষ ফরম পূরণ করেন। তিনি বলেন, 'বিয়েটা করেছি আইএমভির মাধ্যমে। সেখানে যারা স্বেচ্ছায় একাধিক বিয়ে করতে আগ্রহী ছেলে বা মেয়ে তাদের ফরম পূরণ করতে হয়। আমার ফরম পূরণ করা হয়েছিল কয়েক মাস আগে। এরপর তারা কুফু অনুযায়ী মিলে গেলে ছেলে ও মেয়ের সাক্ষাতের ব্যবস্থা করে। উভয়পক্ষ রাজি হলে বিয়ে সম্পন্ন হয়।'
প্রেমের সম্পর্ক বা টিকটকে পরিচয়ের অভিযোগকে 'সম্পূর্ণ মিথ্যা' বলে উড়িয়ে দিয়েছেন মাদানী। তিনি বলেন, 'কিছু লোক বলার চেষ্টা করছে, আমি নাকি আমার প্রথম স্ত্রী থাকা অবস্থায় এই মেয়ের সাথে প্রেম করে চাপে পড়ে বিয়ে করেছি। আবার অনেক নির্লজ্জরা ত বলছে টিক টকে নাকি পরিচয়, মাআযাল্লাহ! আল্লাহকে হাজির-নাজির রেখে বলছি, এই মেয়েকে বিয়ের দিন দেখার আগ পর্যন্ত আমি জীবনে কোনোদিন দেখিনি, এমনকি তার সাথে একবারের জন্য কথাও হয়নি।'
প্রথম স্ত্রীর প্রতি দায়িত্ব পালনের প্রশ্নেও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। দাবি করেন, অপারেশনের রাতে সারারাত স্ত্রীর বিছানার পাশে বসে ছিলেন, হাসপাতালে টানা চার দিন রাত-দিন কাটিয়েছেন ঠিকমতো ঘুম বা খাবার ছাড়াই।
সমালোচকদের উদ্দেশে মাদানী বলেন, 'এ দেশের অনেক আলেমবিদ্বেষী মানুষ এপস্টিন ফাইলস বা বড়লোক বড় নেতাদের স্ত্রী রেখে ৫টা ৭টা রক্ষিতা নিয়েও এত কথা বলেনি, যতটা আমার একাধিক বিয়ে নিয়ে বলছে।' তাঁর মতে, একাধিক বিয়ের ইসলামী বিধানকে অপছন্দ করেন বলেই অনেকে এই সমালোচনায় মেতেছেন।
মন্তব্য করুন