প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃতদের মধ্যে তিনজন নিশ্চিত হাম আক্রান্ত ছিলেন। বাকি ছয়জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩-এ।
সংস্থাটির তথ্য বলছে, একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৬ জনের দেহে হামের উপসর্গ ধরা পড়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে মোট ৩৪ হাজার ৬৬২ জনের মধ্যে উপসর্গ শনাক্ত হলো।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৬৩ জন। এ নিয়ে ১৫ মার্চ পরবর্তী সময়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৬-তে। হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ জনের, আর সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ২২৬।
হাসপাতাল পরিস্থিতির চিত্রও উদ্বেগজনক। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৬ জন, ছাড়া পেয়েছেন ৯৭৩ জন। ১৫ মার্চ থেকে সম্মিলিতভাবে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৪৮-এ। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৯৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, দেড় মাসের বেশি সময় ধরে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। মৃত্যু ও শনাক্তের এই ধারা উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। সংস্থাটির পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো মন্তব্য না এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভব করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন