প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া কৌশলগত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে বলে দাবি করেছেন। তার মতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় দেশগুলো নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে এবং এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয়।
জাতিসংঘে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানকে এককভাবে দায়ী করার চেষ্টা করা হচ্ছে, যেন দেশটি নিজ প্রতিবেশীদের ওপর আক্রমণ চালিয়েছে। তবে বাস্তবে নিরাপত্তাজনিত পরিস্থিতিতে এমন পদক্ষেপ গ্রহণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয়।
একইসঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে কড়া সমালোচনায় মুখর হন নেবেনজিয়া। তিনি পশ্চিমাদের কর্মকাণ্ডকে 'ভণ্ডামি' ও 'জলদস্যুতার' সঙ্গে তুলনা করে অভিযোগ করেন, কৃষ্ণসাগরে রুশ বাণিজ্যিক জাহাজে ইউক্রেনীয় হামলাকে সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো নিজেরাই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তার ভাষায়, পশ্চিমা দেশগুলো তাদের কর্মকাণ্ডকে একতরফা নিষেধাজ্ঞার আড়ালে লুকিয়ে রাখছে, যা কার্যত বেআইনি জবরদস্তিমূলক পদক্ষেপ।
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে রাশিয়ার এই অবস্থান ইরানের কূটনৈতিক সমর্থনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।
মন্তব্য করুন