তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

'মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না'—ফজলুর রহমানের বক্তব্যে উত্তপ্ত সংসদ

ছবি: সংগৃহীত

বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে ফজলুর রহমানের এ বক্তব্য সংসদে তুমুল উত্তেজনা ছড়ায়। বিরোধী আসন থেকে তীব্র প্রতিবাদ ও হট্টগোল শুরু হয়। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।

তবে হট্টগোলের মধ্যেও নিজের অবস্থানে অনড় থেকে ফজলুর রহমান বলেন, ‘আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। শহীদ পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন।’

নিজের বক্তৃতায় ফজলুর রহমান আরও গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণঅভ্যুত্থানকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি, হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে সরকারি দলের এই সাংসদ বলেন, জামায়াত আমির আমার চেয়ে ১০ বছরের ছোট। তিনি নাকি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি নাকি শহীদ পরিবারের সন্তান। এই মন্তব্যের পরই সংসদ আবার উত্তপ্ত হয়ে ওঠে।

ফজলুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পর বিরোধীদলীয় নেতা ফ্লোর নিয়ে তাঁর জবাব দেন। একইসঙ্গে ফজলুর রহমানের অসংসদীয় বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ বা বাদ দেওয়ার জন্য স্পিকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানান তিনি। অধিবেশন শেষে এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

মন্তব্য করুন