প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১১:২৭ এ এম
অনলাইন সংস্করণ
ডিজেলচালিত বাসের ভাড়া পুনর্নির্ধারণ করা হলেও সিএনজি বা গ্যাসচালিত পরিবহনে কোনোভাবেই বাড়তি ভাড়া আদায় করা যাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিয়ম অমান্য করে কোনো গ্যাসচালিত পরিবহন যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভাড়া সমন্বয়ের যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘শুধু ডিজেলচালিত বাসেই ভাড়া বাড়বে, গ্যাসচালিত পরিবহন বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে। তেলের দামের সঙ্গে বাসভাড়া সমন্বয় করা হয়েছে। যদি তেলের দাম আবার কমে যায়, কোনো আলোচনা ছাড়াই ভাড়া কমে যাবে। তবে শুধু ডিজেলচালিত বাসেই ভাড়া বাড়বে, গ্যাসচালিত পরিবহনে ভাড়া বাড়বে না।’
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পেছনে আন্তর্জাতিক কোনো সংস্থার প্রভাব রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, ‘তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো চাপ নেই। সরকার উপায় না পেয়ে তেলের দাম সমন্বয় করেছে।’ তিনি আরও যোগ করেন যে, মূলত প্রতিবেশী দেশে জ্বালানি পাচার রোধ এবং সরকারি ভর্তুকির চাপ কমাতেই সরকার এই অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
রাজধানীর যানজট ও সড়কের বিশৃঙ্খলা নিয়েও কথা বলেন নৌমন্ত্রী। বিশেষ করে অটোরিকশার চলাচল নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা হবে। ধাপে ধাপে প্রধান সড়ক থেকে অটোরিকশা বন্ধ করার চেষ্টা করা হবে।’
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর থেকেই পরিবহন ভাড়ার বিষয়টি জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। মন্ত্রীর এই নতুন বক্তব্য অনুযায়ী, কেবল ডিজেলচালিত গণপরিবহনই বর্ধিত ভাড়ার আওতায় থাকবে এবং তেলের দাম কমলে স্বয়ংক্রিয়ভাবে ভাড়া কমানোর নিশ্চয়তা দেওয়া হয়েছে। সরকারের এই কঠোর অবস্থানের ফলে সাধারণ যাত্রীরা বাড়তি ভাড়া আদায়ের ভোগান্তি থেকে রেহাই পাবেন বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন