শাহাদাত হোসাইন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:১২ পিএম

অনলাইন সংস্করণ

উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসন ও যানজট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে গিয়ে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ব্যবহার করে যানজট কমানোর বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওস্থ কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে এই নির্দেশ দেন।

সম্প্রতি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মিরপুর, মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বেশ কিছু এলাকা থেকে কয়েক শতাধিক হকার উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদকৃতদের জীবিকা ও মানবিক দিক বিবেচনায় প্রধানমন্ত্রী বিকল্প স্থান নির্ধারণের তাগিদ দিয়ে বলেন, ‘উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা করতে পারবেন।’

বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকার কেবল বিকল্প জায়গাই দেবে না, বরং হকারদের সুশৃঙ্খল ও নিবন্ধিত করতে প্রত্যেককে বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে। সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করবে।

এদিকে, রাজধানীর দীর্ঘদিনের সমস্যা যানজট নিরসনে বিশেষ করে স্কুল-কলেজ ছুটির সময়ের ভোগান্তি কমাতে উদ্ভাবনী প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। তিনি লক্ষ্য করেছেন যে, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং যানজটের অন্যতম কারণ। এ বিষয়ে তাঁর পরামর্শ, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের কারণে যানজট তৈরি হয়। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।’

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, রাজউক, দুই সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম, ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়িত হলে একদিকে যেমন হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীর জীবন ও জীবিকা রক্ষা পাবে, অন্যদিকে সড়কগুলোতে দীর্ঘদিনের যানজট সমস্যার কার্যকর সমাধান সম্ভব হবে।

মন্তব্য করুন