প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও চলমান সংকটের মধ্যেও শিল্প উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ধারায় রয়েছে বলে দাবি করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ করে ব্যক্তিমালিকানাধীন শিল্পকারখানাকে অগ্রাধিকার দিয়ে আসছে। জ্বালানি সংকট থাকা সত্ত্বেও দেশের শিল্প উৎপাদন কমেনি বলে তিনি দাবি করেন। তবে রপ্তানি কিছুটা হ্রাস পেলেও তা জ্বালানি সংকটের কারণে নয়, বরং বৈশ্বিক বাজারে মন্দাভাবের প্রভাব বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, শিল্প খাতকে আরও গতিশীল করতে স্বল্প জ্বালানি-নির্ভর শিল্পে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এলএনজি আমদানির উদ্যোগ জোরদার করা হচ্ছে। ভবিষ্যৎ সংকট মোকাবিলায় তেল ও গ্যাস মজুদের পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান তিনি।
পাট খাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের ঐতিহ্যবাহী পাট শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থানে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে ‘ক্রাশ প্রোগ্রাম’ বাস্তবায়ন করা হচ্ছে। এটি সফল হলে বিদেশ থেকে পাট বীজ আমদানির ওপর নির্ভরতা কমবে।
উদ্বোধন শেষে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব আব্দুন নাসের খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং জেলা প্রশাসক মো. রায়হান কবির উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন