প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর সঙ্গে সহপাঠী নাহিদা সুলতানা বৃষ্টি-র প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছেন তার পরিবার।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে লিমনের বড় ভাই জুবায়ের আহমেদ বলেন, লিমন প্রায়ই পরিবারের সঙ্গে কথা বলার সময় বৃষ্টির প্রশংসা করতেন এবং তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। তারা ভবিষ্যতে বিয়ে নিয়ে আলোচনা করছিলেন।
জুবায়ের বলেন, “লিমন বলত, সে খুবই ভালো মেয়ে, তার গানের গলা ভালো, রান্নাও পারে।”
পরিবারের ভাষ্য অনুযায়ী, গত দুই বছর ধরে নিজের পিএইচডি গবেষণায় মনোযোগী ছিলেন লিমন। তিনি জেনারেটিভ এআই ব্যবহার করে দক্ষিণ ফ্লোরিডার সংকুচিত জলাভূমি পর্যবেক্ষণের পদ্ধতি নিয়ে কাজ করছিলেন।
তিনি আরও জানান, লিমনের ইচ্ছা ছিল পিএইচডি শেষ করে দেশে ফিরে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা।
প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার রুমমেট হিশাম আবুঘরবেহ-কে গ্রেফতার করা হয়েছে।
লিমন ও বৃষ্টি দুজনই ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা-এর পিএইচডি শিক্ষার্থী ছিলেন। লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন। সর্বশেষ গত ১৬ এপ্রিল তাদের দেখা গিয়েছিল।
অন্যদিকে, বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তার বোনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “আমার বোন আর আমাদের সঙ্গে নেই, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন।”
তবে এখনো পর্যন্ত বৃষ্টির মৃত্যুর বিষয়ে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা-কে দেওয়া সাক্ষাৎকারে প্রান্ত জানান, পুলিশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে একটি দেহাংশের সঙ্গে তার বোনের মিল পেয়েছে। তবে পুরো মরদেহ উদ্ধার হবে কি না, তা নিশ্চিত নয়।
এদিকে, হিলসবোরো কাউন্টি শেরিফের অফিস থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকায় বৃষ্টিকে খোঁজার জন্য তল্লাশি অভিযান চলছে। সেতুর আশপাশের পানিতে ডুবুরি দল অনুসন্ধান চালাচ্ছে।
মন্তব্য করুন