প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ জুলাই বাংলা প্রথম পত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হবে। বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দীন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই রুটিন প্রকাশ করা হয়।
প্রকাশিত সূচি অনুযায়ী, ২ জুলাই শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষাগুলো প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী বিরতিহীনভাবে চলবে। এমসিকিউ (বহুনির্বাচনী) এবং সিকিউ (সৃজনশীল) উভয় অংশের পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকবে না। ১০০ নম্বরের বিষয়ের ক্ষেত্রে ৩০ নম্বরের এমসিকিউ-এর জন্য ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীলের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। ব্যবহারিক যুক্ত বিষয়গুলোতে শিক্ষার্থীরা ২৫ নম্বরের এমসিকিউ-এর জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীলের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় পাবেন। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার উত্তরপত্র দেওয়া হবে সাড়ে ৯টায় এবং প্রশ্নপত্র দেওয়া হবে ১০টায়। দুপুর ২টার পরীক্ষার ক্ষেত্রে উত্তরপত্র বিতরণ করা হবে ১টা ৩০ মিনিটে।
পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু জরুরি নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। প্রতিটি পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। সফলভাবে উত্তীর্ণ হতে হলে পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) অংশে পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষার হলে পরীক্ষার্থীরা সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) এবং এনালগ হাতঘড়ি ব্যবহার করতে পারবেন। তবে কোনোভাবেই প্রোগ্রামিং ক্যালকুলেটর বা মোবাইল ফোন সঙ্গে আনা যাবে না। কেবল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশেষ প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাবেন।
উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করার এবং উত্তরপত্র কোনো অবস্থাতেই ভাঁজ না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বোর্ড স্পষ্ট জানিয়েছে, প্রত্যেক পরীক্ষার্থী কেবল তার রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়গুলোতেই পরীক্ষায় অংশ নিতে পারবে। চলতি বছরের এই পরীক্ষায় সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষার বিস্তারিত রুটিন এখন সব শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
রুটিন পেতে এখানে ক্লিক করুন।
মন্তব্য করুন