প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় সংসদে মঙ্গলবার মুক্তিযুদ্ধ ও জামায়াতের রাজনীতি ইস্যুতে তীব্র বাদানুবাদের সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ফজলুর রহমান নিজের মুক্তিযুদ্ধের অবদান তুলে ধরতে গিয়ে অন্যের ভূমিকাকে খর্ব করেছেন।
ঘটনার সূত্রপাত বিকেলে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের আলোচনায়। ফজলুর রহমান তাঁর বক্তৃতায় জামায়াতের সমালোচনা করলে বিরোধী আসন থেকে হট্টগোল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
ফজলুর রহমানের বক্তব্য শেষে পাল্টা বক্তব্য দিতে দাঁড়ান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি মন্তব্য করেন, ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান পাওয়ার যোগ্য হলেও অপরের প্রতি অসম্মান প্রদর্শন কাম্য নয়।
নিজের অবস্থান স্পষ্ট করে শফিকুর রহমান বলেন, ‘আমি শহীদ পরিবারের সন্তান। আমি জামায়াত করব-এটি আমার সাংবিধানিক অধিকার। কারও কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে রাজনীতি করতে হবে না।’
এর আগে বক্তৃতাকালে ফজলুর রহমান সরাসরি মন্তব্য করেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতের সঙ্গে যুক্ত হতে পারে না। কেউ যুক্ত হলে তা দ্বিগুণ অপরাধের শামিল। তাঁর এই মন্তব্যের পরই সংসদে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অধিবেশন শেষে এ বিষয়ে উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় ছিল বলে সংসদ সচিবালয় সূত্র জানায়।
মন্তব্য করুন