বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ১১:১৪ এ এম

অনলাইন সংস্করণ

অন্তঃসত্ত্বা অবস্থায় শ্লীলতাহানির হাত থেকে বাঁচলেন কিয়ারা

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে নিয়ে এক বিস্ফোরক ও শিউরে ওঠা তথ্য ফাঁস করেছেন প্রখ্যাত দেহরক্ষী জিশান কুরেশি। আলিয়া ভাটের সাবেক এবং বর্তমানে সিদ্ধার্থ মালহোত্রার ছায়াসঙ্গী হিসেবে পরিচিত জিশান জানান, অন্তঃসত্ত্বা থাকাকালীন এক মত্ত ভক্তের অপ্রীতিকর আচরণের শিকার হতে যাচ্ছিলেন কিয়ারা। অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তিনি।

ঘটনাটি ঘটেছিল গত বছর, যখন কিয়ারা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। জিশান কুরেশি একটি সাক্ষাৎকারে জানান, শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও কিয়ারা তখন একটি ব্র্যান্ড শুটের কাজে ব্যস্ত ছিলেন। স্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সিদ্ধার্থ মালহোত্রা নিজের ব্যক্তিগত দেহরক্ষী জিশানকে কিয়ারার সঙ্গে পাঠিয়েছিলেন।

ভয়াবহ সেই মুহূর্তের বর্ণনা দিয়ে জিশান জানান, কিয়ারা যখন ভ্যানিটি ভ্যান থেকে নামছিলেন, তখন স্যুট পরা এক ব্যক্তি সেলফি তোলার অজুহাতে তাঁর কাছে আসেন। কিন্তু কাছে আসার পরপরই ওই ব্যক্তি আচমকা কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। জিশান বলেন, ‘সেই মুহূর্তে সিদ্ধার্থ স্যারকে জানানো হয়নি। তা না হলে উনি ভীষণ চেঁচামেচি শুরু করে দিতেন। পরে কিয়ারা ম্যাডাম স্যারকে বুঝিয়ে বলেন।’ ঘটনার আকস্মিকতায় কিয়ারা বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই ব্যক্তিকে সরিয়ে নেওয়ায় কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেনি।

জিশান আরও জানান, সেই সময় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া রাখা হয়েছিল বলেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসে প্রথম সন্তানের মা হন কিয়ারা আদভানি।

‘শেরশাহ’ সিনেমার সেট থেকে শুরু হওয়া সিদ্ধার্থ-কিয়ারার প্রেম ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানে রাজকীয় বিয়ের মাধ্যমে পূর্ণতা পায়। পর্দার জনপ্রিয় এই জুটির ব্যক্তিগত জীবনের এমন নিরাপত্তা সংকটের খবর প্রকাশ্যে আসায় বলিপাড়ায় তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তারকাদের কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্যের মধ্যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মানসিক চাপের বড় কারণ হয়ে দাঁড়ায়।

মন্তব্য করুন