প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক সৌন্দর্য ও ব্যক্তিত্বভিত্তিক প্রতিযোগিতা ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’-এর ২০২৬ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট সৃষ্টিকর্তা তমা রশিদ। প্রায় চল্লিশটি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে এই কৃতিত্ব অর্জন করেন তিনি, যা বাংলাদেশের জন্য প্রথম।
রোববার থাইল্যান্ডে আয়োজিত প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। বিজয়ের মুকুট জয়ের পর আজ মঙ্গলবার বিকালে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন এই কনটেন্ট সৃষ্টিকর্তা।
মুকুট জয়ের পর অনুভূতি প্রকাশ করে গণমাধ্যমকে তমা রশিদ বলেন, “মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল হিসেবে এবারই প্রথম বাংলাদেশ বিজয়ী হয়েছে। দেশের প্রতিনিধিত্ব করতে এসে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে মুকুট জয় করে দেশে ফিরছি, এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।”
তিনি আরও বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা মোটেও সহজ ছিল না। বিশেষ করে, ফাইনাল পর্যায়ে ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।”
প্রতিযোগিতার বিভিন্ন ধাপে নিজের সাফল্যের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “কস্টিউম, ওয়াক এবং কুইজ সেগমেন্টে আমি অনেক ভালো করেছি। আমি মনে করি, এ অংশগুলোই আমাকে বিজয়ের দিকে এগিয়ে দিয়েছে।”
প্রতিযোগিতাটিতে অংশ নেওয়া পর্যবেক্ষকদের মতে, কস্টিউম ডিজাইন ও মঞ্চে উপস্থাপনার দক্ষতায় তমা রশিদ বিচারকদের দৃষ্টি কাড়েন। একাধিক প্রতিযোগীকে টপকে ফাইনালে ভারতের প্রতিনিধির সঙ্গে তাঁর লড়াই ছিল টানটান। তবে কুইজ পর্বে প্রাধান্য পেয়ে তিনি শিরোপা নিশ্চিত করেন।
তমা রশিদ জানিয়েছেন, দেশে ফিরে নিয়মিত উপস্থাপনার কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী তরুণীদের পরামর্শক হিসেবেও কাজ করতে চান। তাঁর এই জয় বাংলাদেশের নারীদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংস্কৃতি অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মন্তব্য করুন