প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
পরিচালক রাফাত মজুমদার রিংকুর একটি ঈদ নাটকের শুটিং চলছিল মানিকগঞ্জে। গল্পের একটি দৃশ্যে সামিয়া অথৈকে তাঁর সহশিল্পী তানজিন তিশাকে (যিনি পাগলের চরিত্রে অভিনয় করছিলেন) আলতো করে একটি চড় মারার নির্দেশনা দেওয়া হয়। অথৈইয়ের দাবি, তিনি নিয়ম মেনেই আলতো করে চড় মারেন, কিন্তু এর পরপরই তিশা ক্ষিপ্ত হয়ে তাঁকে পাল্টা সজোরে চড় মারেন।
সামিয়া অথৈ ফেসবুক লাইভে জানান, গত ২ মার্চ প্রথম দৃশ্যের শুটিংয়ের সময় তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে সবার সামনে তাঁকে সজোরে খামচি দেন, এতে তাঁর হাত ছুলে রক্ত বের হয়। অথৈ বলেন:
"তিশা আপু সিনের মধ্যেই আমাকে মেরেছেন, মেরে গাল ফুলিয়ে দিয়েছেন। আমার চোখ ফুলে গেছে। গতকালও আঘাত দিয়েছিলেন, কিছু বলিনি। কিন্তু আজ যা হয়েছে তা মানতে পারছি না। আমি এর সঠিক বিচার চাই।"
ঘটনাটি যখন ঘটে, তখন মনিটরে দৃশ্যটি দেখছিলেন জ্যেষ্ঠ অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও পরিচালক রিংকু। তিশার এমন অপেশাদার আচরণ দেখে সেলিম নিজেও অবাক হয়ে অথৈয়ের কাছে কারণ জানতে চান বলে জানা গেছে। অপমান সইতে না পেরে সামিয়া অথৈ শুটিং সেট ছেড়ে চলে আসেন।
নাটকের পরিচালক রাফাত মজুমদার রিংকু বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তাঁর মতে, "দুজন দুজনকে চড় দিতে গিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। এটি চরিত্রের প্রয়োজনে করা হয়েছে, এমন কিছু নয়।" অন্যদিকে শহীদুজ্জামান সেলিম জানান, বিষয়টি তাঁরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছিলেন, কিন্তু তার আগেই অথৈ চলে যান।
তানজিন তিশার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা চলছে। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মোমেনা চৌধুরী ও মীর রাব্বী।
মন্তব্য করুন