তরুণ কণ্ঠ

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৯:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ

সংগ্রহীত ছবি

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার (৪ মার্চ) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজ ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তিনি প্রকাশ্যে হিসাব তুলে ধরেন। এর মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন যে, তার ও পরিবারের সম্পদে কোনো অসঙ্গতি নেই।

ব্যাংক হিসাব অনুযায়ী, তার বাবার পাঁচটি অ্যাকাউন্টে মোট ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা রয়েছে। তবে বাবার ১০ লাখ টাকার সার্ভিস লোন থেকে এখনও বাকি ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা কেটে নেওয়া হলে তার হাতে থাকা টাকা ৮২ হাজার ৪৫ টাকা। মায়ের অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে মাত্র ৬১৩ টাকা।

নিজের হিসাব সম্পর্কে তিনি জানান, সোনালি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে ৯ হাজার ৯৩০ টাকা রয়েছে। উপদেষ্টা থাকাকালীন ১৬ মাসের বেতন ও ভাতা ছাড়াও পাঁচটি সরকারি বিদেশ সফরের টিএ/ডিএ তার সেলারি অ্যাকাউন্টে জমা হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি ভাতা ও আগের সেলারি যোগ করে মোট টাকা এসেছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা, উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা, ফলে বর্তমানে তার সেলারি অ্যাকাউন্টে আছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।

এ বিষয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত সোমবার (২ মার্চ) দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে হিসাব তলবের চিঠি পাঠিয়েছে।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, “যারা মনক্ষুণ্ণ হয়েছেন বা আওয়ামী লীগের অংশ হিসেবে এখনও দেশে রয়েছেন, তারা এসব অভিযোগ তুলছেন। আমার সিটি করপোরেশন নির্বাচনের কথা ওঠার পরই এই গুঞ্জন শুরু হয়েছে। আমার ব্যাংক হিসাব তলবের বিষয়টি আলাদাভাবে সংবাদ করা একটি দলের হীন উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “রহস্য সৃষ্টি করার চেষ্টা চলছিল, তাই আগেভাগেই আমার ব্যাংক হিসাব পরিষ্কার করে প্রকাশ করেছি।”

মন্তব্য করুন