তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৩:০২ পিএম

অনলাইন সংস্করণ

রাজনৈতিক মতভেদের জেরে ছেলেকে ত্যাজ্য ঘোষণা কৃষক দল নেতার

সংগ্রহীত ছবি

ঝিনাইদহে রাজনৈতিক মতভেদের জেরে নিজের একমাত্র ছেলেকে ত্যাজ্য পুত্র ঘোষণা করেছেন এক স্থানীয় রাজনৈতিক নেতা। সোমবার (২ মার্চ) জেলা নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামা করে এ ঘোষণা দেন তিনি। বিষয়টি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের বাসিন্দা মো. আবু জাফর (৪৮) স্থানীয়ভাবে কৃষক দল-এর আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার একমাত্র ছেলে মো. নাহিদ হাসান সবুজ (২৪) বাংলাদেশ ছাত্রলীগ-এর রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

সবুজ ঝিনাইদহের সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

হলফনামায় আবু জাফর উল্লেখ করেন,

‘আমার পুত্র মো. নাহিদ হাসান সবুজ আমার কথামতো চলে না বা আমার বাড়িতেও বর্তমানে থাকে না। সে তার মতো আলাদা থাকে এবং আমি তার কোনো আয় রোজগার গ্রহণ করি না। আমার পুত্র মো. নাহিদ হাসান সবুজ বর্তমান বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ সংগঠন ঝিনাইদহ জেলা সরকারি কেশবচন্দ্র কলেজের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময় ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করাসহ গত ২১ ফেব্রুয়ারি ২০২৬-এর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের কার্যক্রম পুনরায় চালু করায় তাকে আমার বাড়ি হইতে তাড়াইয়া দিয়াছি।’

তিনি আরও বলেন,

‘সে কোথাও কোনো খারাপ কাজের সহিত জড়িত হইলে আমি বা আমার পরিবারের কেহ দায়ী নহে। তাহার কোনো কাজের জন্য আমি বা আমার পরিবারের লোকজন দায়ী থাকিবে না। আমি তাহাকে অদ্য হইতে ত্যাজ্য পুত্র ঘোষণা করিলাম। অদ্য হইতে তাহার সহিত আমার বা আমার পরিবারের সদস্যদের কোনো সম্পর্ক থাকিবে না।’

এদিকে নাহিদ হাসান সবুজ নিজের ফেসবুক পোস্টে বাবার প্রতি কোনো অভিযোগ না থাকার কথা জানিয়ে লেখেন,

‘বাবা, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। কিন্তু জননেত্রী শেখ হাসিনার অস্তিত্বের প্রশ্নে বাংলাদেশ ছাত্রলীগের সাথে আপসহীনভাবে ছিলাম, আছি এবং আমৃত্য থাকব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন