প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ১১:৩৪ এ এম
অনলাইন সংস্করণ
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, রদ্রিগোর ডান হাঁটুর অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (ACL) এবং ল্যাটারাল মিনিস্কাস ছিঁড়ে গেছে। সোমবার হেতাফের বিপক্ষে ম্যাচে তিনি এই চোট পান।
চিকিৎসকদের মতে, সুস্থ হয়ে মাঠে ফিরতে তাঁর প্রায় আট মাস সময় লাগতে পারে। ফলে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তাঁর খেলার আর কোনো সম্ভাবনা নেই।
এই দিনটিকে নিজের জীবনের ‘সবচেয়ে খারাপ দিন’ আখ্যা দিয়ে রদ্রিগো সোশ্যাল মিডিয়ায় লেখেন, “দেশের হয়ে বিশ্বকাপে থাকা হচ্ছে না। এই স্বপ্নটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা সবাই জানে।
জীবন মাঝেমধ্যে নির্মম হয়, তবে আমাকে শক্ত থাকতে হবে।”
রদ্রিগোর চোটের পর গভীর সংহতি প্রকাশ করেছে সিবিএফ। এক বিবৃতিতে তারা জানায়, রদ্রিগোর দ্রুত সুস্থতা কামনা করছে ফেডারেশন এবং তাঁকে যত দ্রুত সম্ভব মাঠে দেখতে চায় তারা।
কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায় রদ্রিগো অন্যতম প্রধান অস্ত্র ছিলেন, ফলে তাঁকে হারানো ব্রাজিলের জন্য এক বিশাল ক্ষতি।
নিজেও একই ধরনের চোটের মধ্য দিয়ে যাওয়া নেইমার রদ্রিগোকে সান্ত্বনা দিয়ে লিখেছেন, “আমার ১০ নম্বর, আমার উত্তরসূরি—মন শক্ত রাখো।
তোমার এই সময়ে এভাবে যাওয়ার কথা ছিল না। আমি নিশ্চিত তুমি সেরা ছন্দে ফিরবে।”
এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব মিলিয়ে ২৭টি ম্যাচ খেলেছিলেন রদ্রিগো। ৩টি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬টি গোল।
তাঁর অভাব যেমন রিয়াল মাদ্রিদকে ভোগাবে, তেমনি সেলেসাওদের আক্রমণভাগেও বড় শূন্যতা তৈরি করবে।
মন্তব্য করুন