বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩৪ মিনিট আগে, ০৪:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

মেহজাবীনের সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন তটিনী

ছোটপর্দায় অল্প সময়েই দর্শকের পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তাঁর অভিনয়জীবনের অগ্রগতির সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ক্যারিয়ারের তুলনা টানেন অনেকে। তবে এ তুলনাকে কীভাবে দেখেন তটিনী? সম্প্রতি ‘ফিরে আসার গল্প’ নাটকের সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিজের ভাবনা জানিয়েছেন তিনি।

তটিনী জানান, তাঁকে প্রায়ই মেহজাবীনের সঙ্গে তুলনা করা হয়। বিষয়টি তিনি উপভোগ করেন। কারণ, গুণী একজন অভিনয়শিল্পীর সঙ্গে তুলনা তাঁকে নিজের ক্যারিয়ার নিয়ে আরও সচেতনভাবে ভাবতে অনুপ্রাণিত করে।

এ প্রসঙ্গে তটিনী বলেন, ‘অনেকেই বলেন- তুমি মেহজাবীনের মতো, মেহজাবীনের জায়গায় যাচ্ছ। আসলে কেউ কারও জায়গায় যেতে পারে না। আমি কারো সঙ্গে নিজেকে তুলনা করব না, কারো জায়গায় ভাবাটাও ঠিক না। শিল্প অঙ্গনে এই তুলনা হয় না। মেহজাবীন আপু অনেক বড়, গুণী একজন শিল্পী। তবে তুলনা করলে ভালো লাগে। তার মতো গুণী অভিনেত্রীর সঙ্গে তুলনাও তো বড় পাওয়া।’

মেহজাবীনের কাজ ও অভিজ্ঞতা থেকে নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের শেখার সুযোগ রয়েছে বলেও মনে করেন তটিনী। তিনি বলেন, ‘আমাদের জেনারেশন বা পরের জেনারেশনের জন্য মেহজাবীন আপু একটা উদাহরণ। তার ক্যারিয়ারে এগিয়ে চলা, কাজের প্রতি সততা, তার পরিশ্রম, তার অনেক অভিজ্ঞতা, তার কাছ থেকে আমাদের সবার শেখা উচিত।’

সিনিয়র অভিনয়শিল্পীদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার গুরুত্বও তুলে ধরেন তটিনী। নিজের অভিনয়জীবনের শুরুর দিকের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি যখন অভিনয়ে আসি, তখনই অনেকে আমাকে একটা কথাই বলেছিলেন, যদি কারো মতো হতে চাও, তাহলে মেহজাবীনকে ফলো করো। আর শুধু ক্যারিয়ার নয়, সে মানুষ হিসেবে কেমন, তার আচার–আচরণ সবই ফলো করার কথা বলতেন। কারণ, সিনিয়রদের কাছ থেকেই আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত।’

বর্তমানে মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ নিয়ে আলোচনায় রয়েছেন তটিনী। নাটকটিতে গ্রাম থেকে ঢাকায় পড়তে আসা এক তরুণীর চরিত্রে অভিনয় করছেন তিনি।

 

মন্তব্য করুন